গৃহকর্মী হত্যা: পুলিশ কর্তার স্ত্রী-শ্যালক কারাগারে
রাজধানীর শেওড়াপাড়ায় গৃহকর্মীকে হত্যার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার কুতুব উদ্দীনের স্ত্রী ও শ্যালককে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দে তাদের জিজ্ঞাসাবাদের জন্য কোন রিমান্ড আবেদন না থাকায় কারাগারে পাঠিয়ে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান, ঢাকার কোর্ট হাজতের ওসি উপ-পরিদর্শক মুরাদ হোসেন।
সোমবার পূর্ব শেওড়াপাড়ার ৯১১ নম্বরের আটতলা বাড়ির সামনে থেকে গৃহকর্মী রিতার (২৬) মৃতদেহে উদ্ধার করে পুলিশ।
পরে পুলিশ কর্মকর্তার স্ত্রী সানিয়া আক্তার মুন্নী (২২)ও শ্যালক সাব্বির হাসানকে (২৫) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার কাফরুল থানার উপ-পরিদর্শক প্রেমদাস তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠান।
কুতুব উদ্দীন বর্তমানে জাতিসংঘের মিশনে রয়েছেন।
