পোশাককর্মী বাদশার দাফন সম্পন্ন
গাজীপুরের কাশিমপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত পোশাককর্মী বাদশা মিয়ার (২৫) দাফন সম্পন্ন হয়েছে ফরিদপুরে নিজ এলাকায়।
নিহত বাদশার চাচা তারা মিয়া জানান, সোমবার রাতেই তার মরদেহ ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মমিন মাতুব্বরের ডাঙ্গি গ্রামে আনা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় নামাজে জানাজা শেষে স্থানীয় গোলাপবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, হত্যার বিচার ও ক্ষতিপূরণ চেয়েছেন বাদশার মা জহুরা বেগম এবং স্ত্রী রূপা বেগম।
বেতন বোর্ড প্রস্তাবিত নতুন বেতন কার্যকর করাসহ বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে গাজীপুর ও সাভারে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে আসছে।
এর মধ্যে এক শ্রমিককে কর্মকর্তার মারধর করার জেরে কাশিমপুরের জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
এ সময় ওই কারখানার শ্রমিক বাদশা মিয়া ও রুমা নিহত হন।
মঙ্গলবার দুপুরে বাদশার বাড়িতে সাংবাদিকরা গেলে তার মা ও স্ত্রী তাদের মাধ্যমে সরকারের কাছে ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তি দাবি করেন।
দুবছর আগে বাদশা পোশাক কারখানায় চাকরি নেন। তিন মাস আগে তিনি বিয়ে করেন। গত বৃহস্পতিবার রাতে বাড়ি এসেছিলেন। শুক্রবার দুপুরে আবার কর্মস্থলে ফিরে যান। সর্বশেষ রোববার মা ও স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন।
সোমবার বিকালে এক আত্মীয় ফোন করে বদাশার মৃত্যুর খবর জানান।
