চাঁদপুরে আগুনে পুড়ল ১৯ বসতঘর
চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি বাড়িতে আগুন লেগে ১৯টি বসতঘর পুড়ে গেছে।
শনিবার গভীর রাতে উপজেলার আকানিয়া গ্রামের মিজি বাড়িতে এ আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে চারজন আহত হয়েছে।
উপজেলার কড়ইয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের সদস্য মো. মুকবুল হোসেন জানান, রাত ২টার দিকে ওই বাড়ির ইদ্রিসের ঘরে আগুন দেখতে পেয়ে সবাই ছুটোছুটি করে ঘর থেকে বের হয়। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের গ্রামের বাসিন্দারা ছুটে আসলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না।
কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। আগুনে আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।
