শফীর সঙ্গে বৈঠকে চট্টগ্রাম যাচ্ছেন এরশাদ!
মাহজোট ছাড়ার ঘোষণা দেয়ার একদিন পর চট্টগ্রাম আসছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।
রোববার সকালে তিনি চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফীর সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
তবে চট্টগ্রামের এ সফরকে নিছক ‘ব্যক্তিগত’ বলে দাবি করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও হাটহাজারীর স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি বলেন, “কোন সাংগঠনিক সফরে আসছেন না তিনি। এবারের চট্টগ্রাম আসা সম্পূর্ণ ব্যক্তিগত।”
এরশাদ হেফাজতের আমিরের সঙ্গে দেখা করবেন কি না জানতে চাইলে এ বিষয়ে অবগত নন বলে জানান তিনি।
এরপর স্থানীয় সাংসদ আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে দুপুরের খাবার শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এরশাদ।
এদিকে শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে হেফাজত আমির শাহ আহমদ শফী কোন রাজনৈতিক দল বা জোটের সঙ্গে হেফাজত ইসলাম জড়াবে না বলে জানিয়েছে।
