‘একক নির্বাচন রক্তপাত পরিস্থিতি সৃষ্টি করবে’
দেশ ‘এক-এগার’র চেয়েও ভয়াবহ সংকটের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
শনিবার বিকালে চট্টগ্রামের মুসলিম হলে এক অনুষ্ঠানে তিনি এ বলেন, “বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আর একক নির্বাচন হলে দেশে দীর্ঘ মেয়াদি রক্তপাতের পরিস্থিতি সৃষ্টি হবে।
‘দেশের সাংঘর্ষিক রাজনীতি ও সাংবিধানিক সংকটে উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন প্রসঙ্গে নাগরিক সংলাপ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম নাগরিক ঐক্য।
বর্তমানের নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতিতে নির্বাচন কমিশন সঠিক ভূমিকা পালন করতে পারছে না মন্তব্য করে মান্না বলেন, “সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে নির্বাচনের পূর্ণ ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।
“শেখ হাসিনাকে নির্বাচন করার চিন্তা থেকে সরে আসতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে।”
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য সোহরাব হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসএম আকরাম, ইফতেখার আহমেদ বাবু, ডা. মাসুদুর রহমান প্রমুখ।
