ক্ষমতায় যেতে জনগণকে জিম্মি করছে বিরোধী দল: বনমন্ত্রী
বিরোধী দল ক্ষমতা দখলের জন্য জনগণকে জিম্মি করে হরতাল দিচ্ছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা ডা. বিএম ফয়েজুর রহমানের স্মরণ সভায় একথা বলেন তিনি।
হাছান বলেন, “বিরোধী দল ক্ষমতায় যাবার জন্য যেভাবে দিনের পর দিন হরতাল ডেকে মানুষকে জিম্মি করছে সেটা রাজনীতি নয়।
“বিরোধী দলের নেতারা হরতালে গাড়ি নিয়ে মাননীয় বিরোধী দলের নেত্রীর সঙ্গে দেখা করতে যায়। আর অন্যরা গাড়ি বের করলে তাতে গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা।”
তিনি আরো বলেন, তাদের নেতারা হরতালে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রেখে দিব্যি অফিস করে। আর সবজি বিক্রেতার ভ্যান গাড়িতে আগুন দেয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
