২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের আগুন: ঝরে গেল আরেকটি প্রাণ

হরতালে অগ্নিদগ্ধ এক অটোরিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে সাম্প্রতিক সময়ে হরতালে অগ্নিদগ্ধে মৃতের সংখ্যা পাঁচ জনে দাঁড়াল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 09:25 AM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শনিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসাদুল গাজী নামে ওই চালকের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

বিরোধী দলের হরতালের আগের দিন গত ৩ নভেম্বর সাভারে আসাদের অটোরিকশায় পেট্রোল বোমা ছোড়া হলে এতে আগুন ধরে যায়। এতে মোস্তাফিজুর রহমান মুকুল নামে এক আরোহী মারাও গিয়েছিলেন।  

দেহের ৪০ শতাংশজুড়ে আগুনের ক্ষত নিয়ে সেদিন থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন আসাদ (৩৫)।

১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে রাত ১টার দিকে এই চালক মারা যান বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

হরতালের আগের দিন বিশ্বাস গ্রুপের তিন কর্মীকে নিয়ে যাচ্ছিলেন আসাদ। পথে গাবতলী টেকনিক্যালে এক যাত্রী নেমে যাওয়ার পর অন্য দুজনকে নিয়ে ঢাকা থেকে সাভারের নবীনগর যাচ্ছিলেন তিনি।

এরপর সাভারে হরতাল সমর্থকদের ছোড়া পেট্রোল বোমায় অটোরিকশায় আগুন ধরে গেলে অগ্নিদগ্ধ হন বিশ্বাস গ্রুপের প্রকল্প কর্মকর্তা মুকুল, নিরাপত্তাকর্মী মো. হাসু (৩৮) ও চালক আসাদ।

পরদিন বার্ন ইউনিটে মারা যান মুকুল। হাসু এখনো চিকিৎসাধীন।

গত তিন সপ্তাহে ১০ দিন ছিল বিরোধী দলের হরতাল। এর মধ্যে অনেক গাড়িতে আগুন দেয়া হয় এবং ছোড়া হয় পেট্রোল বোমা।

Image
সাম্প্রতিক হরতালে পুড়ছে একটি বাস (ফাইল ছবি)

সাম্প্রতিক হরতালে পুড়ছে একটি বাস (ফাইল ছবি)

হরতালের দিন ৪ নভেম্বর গাজীপুর চৌরাস্তায় একটি কভার্ড ভ্যানে দেয়া আগুন মারাত্মকভাবে দগ্ধ হয় ওই গাড়ির চালকের ছেলে ১৪ বছর বয়সী মনির হোসেন দুই দিন পর মারা যায়।

এছাড়া ২৬ অক্টোবর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় গুরুতর দগ্ধ পোশাক শ্রমিক নাসিমা বেগম ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৪ নভেম্বর মারা যান। 

১০ নভেম্বর রাতে রাজধানীর লক্ষ্মীবাজারে একটি হিউম্যান হলার লক্ষ্য করে ছোড়া পেট্রোল বোমায় আহত স্বর্ণশিল্পী মন্টু পাল (৩৫) ১৫ নভেম্বর মারা যান।

পুরনো খবর:

হরতালের আগুনে বাবাকে হারাল মাহি-মৌসুমী
ঢাকা দেখা হল, বাড়ি ফেরা হল না মনিরের
হরতালে দগ্ধ আরেকজনের মৃত্যু
হরতালের আগুনে দগ্ধ নাসিমাও বাঁচল না