২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ নিয়ে শুনানি

বাংলাদেশের চলমান পরিস্থিতির ওপর আগামী ২০ নভেম্বর শুনানি হবে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

লাবলু আনসার, নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 12:28 AM

Updated : 25 Apr 2022, 07:32 PM

‘বাংলাদেশ ইন টারময়েল: এ নেশন অন দ্য ব্রিঙ্ক’ শিরোনামে পরিষদের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির এশিয়া বিষয়ক উপকমিটিতে এ শুনানি হবে।

কংগ্রেসের হাউজ রেবার্ন অফিস ভবনে বেলা ২টায় শুনানি অনুষ্ঠিত হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কমিটির চেয়ারম্যান এড রয়েসের কার্যালয় থেকে জানানো হয়েছে।

শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে মতামত দেবেন রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল এ এম এন মনিরুজ্জামান।

যুক্তরাষ্ট্রের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কিত পররাষ্ট্র বিষয়ক উপকমিটির চেয়ারম্যান স্টিভ শ্যাবোট শুনানিতে তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরবেন।

বাংলাদেশের আগামী নির্বাচনের সময়ে সরকারের ধরন নিয়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত ৫ নভেম্বর শ্যাবোট ঢাকা সফর করেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ চায়, নির্বাচনকালীন সর্বদলীয় সরকার থাকবে; কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি আগের তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আন্দোলনে রয়েছে।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত সফরের পর নিজের দেশ যুক্তরাষ্ট্র সফররত রাষ্ট্রদূত ড্যান মজীনাও প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন।

কূটনীতিক পরামর্শ ও পরিবারের সঙ্গে দেখা করতে এরপর যুক্তরাষ্ট্রও ঘুরে এসেছেন মজীনা।

অবশ্য বাংলাদেশ সফরে শ্যাবট প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে যুক্তরাষ্ট্র ‘নাক গলাবে না’।