২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ৫ নেতা আট দিনের রিমান্ডে

পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও বিস্ফোরণের দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচ নেতাকে আট দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মহানগর হাকিম রেজাউল করিম বৃহস্পতিবার সকালে আসামিদের জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।

এর মধ্যে একটি মামলায় তিন দিন ও অন্য মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার,রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের উপস্থিতিতেই তিনি এই আদেশ দেন।

দুই সপ্তাহে ছয় দিনের হরতাল শেষে  গত ৮ নভেম্বর তৃতীয় দফায় ৭২ ঘণ্টার হরতাল ঘোষণা করার পর বিএনপি নেতাদের আটক করা হয়।

পরদিন আদালতে হাজির করে গত ৫ নভেম্বর হরতালে কমলাপুরে হাতবোমা বিস্ফোরণ,পুলিশের ওপর হামলা এবং ২৪ সেপ্টেম্বর মতিঝিলে আইডিয়াল স্কুল ও কলেজের সামনে গাড়ি ভাংচুরের দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

ওই দিন পাঁচ আসামিকে দুই মামলায় ১০ দিন করে ২০ দিন পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। কিন্তু মামলার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানির দিন রাখে আদালত।

বিএনপির ৫ নেতাকে শুনানির জন্য বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, দুই মামলার একটিতে সেন্টু নামের এক আসামি ঢাকার মহানগর দায়রা জজের আদালতে জামিন চেযেছেন। এ কারণে ওই মামলার  নথি জজ আদালতে পাঠানো হয়েছে।

নথি না থাকায় মহানগর হাকিম ওই মামলার শুনানি মুলতবি করে অন্য মামলার শুনানি শুরু করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা হৈ চৈ শুরু করেন এবং পরে তারা হাকিমের কাছে ১৫ মিনিট সময় চেয়ে নিয়ে জজ আদালতে যান। 

পরে তারা মহানগর দায়রা জজ জুহুরুল হকের কাছে নথি হাকিম আদালতে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। সংশ্লিষ্ট আদালতের পুলিশের মাধ্যমে জজ আদালত থেকে নথি হকিম রেজাউল করিমের কাছে পাঠানো হয়।

পরে দুপুর পৌনে ১২টা থেকে দুই মামলার রিমান্ড ও জামিনের ওপর দীর্ঘ শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু এবং ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পিপি খন্দকার আব্দুল মান্নান।

আসামিপক্ষে শুনানি করেন সাবেক মন্ত্রী ব্যরিস্টার আমিনুল হক, সুপ্রীম কোর্টের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, বর্তমান সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, বার কাউন্সিলের হিউম্যান রাইটস এবং লিগ্যাল এইডের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ঢাকা বারের সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম।

শুনানির শুরুতেই মাসুদ আহমেদ তালুকদার পাঁচ বিএনপি নেতার বয়স, অসুস্থতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাদের দায়িত্ব পালনের কথা তুলে ধরে জামিনের আবেদন জানান।

সানাউল্লাহ মিয়াও পাঁচ নেতাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনের বিরোধিতা করেন এবং জামিন চান।

মাহবুব উদ্দিন খোকন বলেন, পাঁচ নেতাকে রিমান্ডে নেয়ার আবেদনের কোনো যৌক্তিক ভিত্তি নেই। হরতালে যেসব গুলি হচ্ছে তা প্রধানমন্ত্রী করাচ্ছেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে ‘শালীন ভাষায়’ শুনানি উপস্থাপনের পরামর্শ দেন।

প্রায় দেড় ঘণ্টা শুনানির পর মহানগর হাকিম মো. রেজাউল করিম আদেশ পরে দেবেন বলে এজলাসের আসন ছেড়ে খাস কামরায় চলে যান।

এর ১০ মিনিট পর আদালতের সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা উপস্থিত আইনজীবীদের সামনে এক মামলায় পাঁচ দিন, অন্যটিতে তিন দিনের রিমান্ডের আদেশ পড়ে শোনান।

এ সময় এজলাস ও বারান্দায়  উপস্থিত আসামি পক্ষের দুই শতাধিক আইনজীবী বিচারক ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

শুনানির  পরপরই এজলাসে আইনজীবীদের আসনে বসে ব্যরিস্টার রফিকুল ও মওদুদকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়।

পুরনো খবর:

মওদুদসহ বিএনপির ৫ নেতা কারাগারে
আদালতে বিএনপির ৫ নেতা