২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নৈরাজ্য চললে খালেদারও একই ভাগ্য হবে’

হরতালে ‘নৈরাজ্য’ অব্যাহত রাখলে বিরোধীদলীয় নেতাকেও বিএনপির শীর্ষ নেতাদের মেতো গ্রেপ্তার করা হতে পারে বলে হঁশিয়ার করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 01:33 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রোববার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “আজ আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে- কেন বিরোধীদলীয় নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে? এ ধারা অব্যাহত থাকলে খালেদা জিয়াসহ বিএনপির অন্য শীর্ষ নেতাদেরও একই পরিণতি বরণ করতে হবে।”

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দুই সপ্তাহে তিন দিন করে ছয় দিন হরতালের পর শুক্রবার বিকালে আরো ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই ঘোষণার পরপরই গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় ও বাসা ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রাতে কারওয়ানবাজার থেকে গ্রেপ্তার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া।

এরপর মধ্যরাতে গুলশানে গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্যবসায়ী নেতা আবদুল আওয়াল মিন্টু এবং খালেদা জিয়ার বিশেষ সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাস। শনিবার এই পাঁচজনকে দুই মামলায় আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।

শীর্ষ নেতারা গ্রেপ্তার প্রতিবাদে বুধবারও হরতালের ঘোষণা দেয় বিএনপি।

বিএনপি নেতাদের গ্রেপ্তারের যৌক্তিকতা ব্যাখ্যা করে আইন প্রতিমন্ত্রী বলেন, “রাষ্ট্রীয় জানমাল রক্ষার দায়িত্ব সরকারের, কিন্তু তারা (বিরোধী দল) এ জানমালের জন্য হুমকিস্বরূপ। বিভিন্ন বক্তব্যে তারা নাশকতা ও উস্কানির ইন্ধন, পরিকল্পনা জুগিয়েছেন। পৃষ্টপোষকতা করেছেন।”

বিরোধী দল হরতালের নামে ‘নৈরাজ্য’ করছে মন্তব্য করে তিনি বলেন, নাশকতা ও সংলাপ একসঙ্গে চলতে পারে না।

“সংলাপে বসতে চাইলে আগে নাশকতা পরিহার করতে হবে। এরপর তওবা করে বলতে হবে ‘আমরা ভালো হয়েছি’। তা না হলে সন্ত্রাসীদের সাথে কিসের সংলাপ।”

জিয়াউর রহমান ও তার উত্তরসূরিদের পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ‘আইএসআইয়ের এজেন্ট’ বলেও আখ্যায়িত করেন কামরুল।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে সামনে এগিয়ে নিতে এখন চারটি প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে।

“নাশকতা পরিহার, অন্তর্ঘাত, দেশের রাজনীতিকে জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীমুক্ত করা এবং সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান- এ চারটি হলো গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জগুলো অতিক্রম করে আমরা গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি।”

বিরোধীদলকে হরতাল পরিহার করে সংলাপে বসার আহবান জানিয়ে জাসদ সভাপতি ইনু বলেন, “সংলাপের পথ খোলা আছে। আসুন আমরা সবাই মিলে সংলাপ করি। বাচ্চাদের পরীক্ষার সময় নাশকতার হরতাল পরিহার করুন।”