হরতালে ৫ জেলায় ভাংচুর, সহিংসতা
দলের শীর্ষ নেতাদের আটকের প্রতিবাদে বিএনপির ডাকে পাঁচ জেলায় হরতাল চলাকালে বিক্ষিপ্ত সহিংসতা ও ভাংচুর হয়েছে।
এর মধ্যে ভোলা ও নোয়াখালীতে চারজনকে আটকের খবর পাওয়া গেছে। বিক্ষিপ্ত সহিংসতায় কুমিল্লায় পুলিশের এক কনস্টেবল এবং পাবনায় ১০ জন আহত হয়েছে।
শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা রফিকুল ইসলাম মিয়া, আব্দুল আউয়াল মিন্টু এবং বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করা হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব নেতার নির্বাচনী এলাকায় হরতাল ডাকে স্থানীয় বিএনপি। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের তিন দিনের হরতাল শুরুর আগের দিন এই কর্মসূচি পালিত হচ্ছে।
ভোলা ও পাবনা জেলা, কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলা, নোয়াখালীর সদর পূর্বাঞ্চল, কবিরহাট ও কোম্পানিগঞ্জ এবং ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় এই হরতাল ডাকে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
বিএনপির সহযোগী সংগঠন জাসাসের জেলা সভাপতি লিয়াকত আলী খানসহ দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতার আশঙ্কায় শহরের লক্ষ্মীনারায়ণপুরে নিজ বাসা থেকে আটক করা হয়েছে জাসাস নেতাকে।
এছাড়া ভোরে মওদুদ আহমদের নির্বাচনী এলাকা কোম্পানিগঞ্জে আটক করা হয়েছে বিএনপির স্থানীয় এক কর্মীকে।
জেএসসি ও জেডিসি পরীক্ষা এই হরতালের আওতামুক্ত রাখা হলেও বাস ও অটোরিকশা না পেয়ে পরীক্ষার্থীদের রিকশা, বাইসাইকেল ও হেঁটে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়।
সোনাপুর-কবিরহাট সড়কে একটি ট্রাক ভাংচুর করেছে পিকেটাররা।
পাবনা
শিমুল বিশ্বাসের এলাকা পাবনায় বেলা ১২টার দিকে বিএনপি কর্মীরা শহরে ব্যাংক, বিপণি কেন্দ্রসহ অর্ধশত দোকানপাট ভাংচুর করে।
হরতালকারীদের মিছিল থেকে জেলা আওয়ামী লীগ অফিসে কয়েকটি হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা লাঠিসোঠা নিয়ে শিমুল বিশ্বাসের বাড়িতে অবস্থিত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকরাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং দোকানপাট ভাংচুর করে।
পরে পুলিশ আরো কয়েকরাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পথচারী ও ব্যবসায়ীসহ ১০ জন আহত হয়।
হাতবোমা নিক্ষেপের পর বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে সংঘবদ্ধভাবে শহরের গোপালপুর এলাকায় শিমুল বিশ্বাসের বাড়িতে অবস্থিত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ করে।
এ ব্যাপারে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগ সমর্থকরা কয়েকটি ককটেল নিক্ষেপ করলে কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তারা কয়েকটি দোকানপাট ভাংচুর করে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগ নেতা সোহেল হাসান শাহীন বলেন, বিনা উস্কানিতে তাদের দলীয় কার্যালয়ে বিএনপি সমর্থকরা ককটেল নিক্ষেপ করলে কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তাদের অজান্তে বিক্ষুব্ধ কর্মীরা তাদের দলীয় অফিসে গিয়ে ভাংচুর করে।
ভোলা
হরতালে জেলা শহরে ১০টি অটোরিকশা ভাংচুর করেছে পিকেটাররা। দুই পিকেটারকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
সকালে খেয়াঘাট চরনেয়াবাদ এলাকায় ৫টি ও দুপুরে আলীয়া মাদরাসা রোড এলাকায় ৫টি অটোরিকশা ভাংচুর করে পিকেটাররা।
হরতালে শহরের অধিকাংশ দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে। মহাজনপট্টি এলাকার জেলা বিএনপি কার্যালয় এবং বাংলা স্কুল মোড়ের জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমিল্লা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের গ্রেপ্তারের প্রতিবাদে তার আসন কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে স্থানীয় বিএনপি।
হোমনায় হরতালকারীদের হামলায় এক কনস্টেবল আহত হয়েছে।
হোমনা থানার ওসি আসলাম সিকদার জানান, সকাল ১০টার দিকে উপজেলার মোড়ে হরতাল সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। তাদের সরিয়ে দিতে গেলে তারা পুলিকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। হরতাল সমর্থকদের ইটের আঘাতে পুলিশ কনস্টেবল মোজাফফর আহমেদ (২৬) আহত হয়েছেন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
এদিকে সকাল থেকে হোমনা ও তিতাস উপজেলায় খণ্ড খণ্ড মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ দুইটি উপজেলা সদরে কোন যানবাহন চলাচল করছে না।
