২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষিপ্ত ভাংচুরে হরতাল চলছে ৫ জেলায়

দলের শীর্ষনেতাদের আটকের প্রতিবাদে বিএনপির ডাকে হরতাল চলছে পাঁচ জেলায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 12:52 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

এর মধ্যে ভোলা ও নোয়াখালীতে চারজনকে আটকের খবর পাওয়া গেছে। হরতালে ভাংচুরের ঘটনা ঘটলেও কোথাও বড় ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। 

শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা রফিকুল ইসলাম মিয়া ও আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করা হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব নেতার নির্বাচনী এলাকায় হরতাল ডাকে স্থানীয় বিএনপি। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের তিন দিনের হরতাল শুরুর আগের দিন এই কর্মসূচি পালিত হচ্ছে।

ভোলা ও পাবনা জেলা, কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলা; নোয়াখালীর সদর পূর্বাঞ্চল, কবিরহাট ও কোম্পানিগঞ্জ এবং ফেনীর দাগনভূইয়া উপজেলায় এই হরতাল চলছে।

বিএনপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর।

নোয়াখালী: বিএনপির সহযোগী সংগঠন জাসাসের জেলা সভাপতি লিয়াকত আলী খানসহ দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতার আশঙ্কায় শহরের লক্ষ্মীনারায়ণপুরে নিজ বাসা থেকে আটক করা হয়েছে জাসাস নেতাকে।

Image
হরতালে নোয়াখালীতে গাছ ফেলে সড়ক অবরোধ

হরতালে নোয়াখালীতে গাছ ফেলে সড়ক অবরোধ

এছাড়া ভোরে মওদুদ আহমদের নির্বাচনী এলাকা কোম্পানিগঞ্জে আটক করা হয়েছে বিএনপির স্থানীয় এক কর্মীকে।

জেএসসি ও জেডিসি  পরীক্ষা এই হরতালের আওতামুক্ত রাখা হলেও বাস ও অটোরিকশা না পেয়ে পরীক্ষার্থীদের রিকশা, বাইসাইকেল ও হেঁটে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়।

সোনাপুর-কবিরহাট সড়কে একটি ট্রাক ভাংচুর করেছে পিকেটাররা।  

পাবনা: শিমুল বিশ্বাসের এলাকা পাবনায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষিপ্তভাবে পিকেটিং চলছে, গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

জেএসসি-জেডিসি পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকলেও গাড়ি না পাওয়ায় পরীক্ষার্থীদের অনেকে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি।

হেমায়েতপুর এলাকার জেএসসি পরীক্ষার্থী আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় ৫ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পাবনা জেলা স্কুল কেন্দ্রে পরীক্ষা দিতে এসেছি। আমার মতো অনেক পরীক্ষার্থী এখনো যানবাহনের জন্যে রাস্তায় অপেক্ষা করছে।”

পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালেনাশকতার ঘটনা ঘটেনি। তবে পুলিশ সতর্ক রয়েছে।”

Image
হরতালে পাবনায় বন্ধ দোকানপাট।

হরতালে পাবনায় বন্ধ দোকানপাট।

ভোলা:   হরতালের সকালে চারটি অটোরিকশা ভাংচুর করেছে পিকেটাররা। দুই পিকেটারকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

ভোলা মডেল থানার ওসি সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকাল ৭টার দিকে পিকেটিংকালে শহরের চরনোয়াবাদ এলাকা থেকে আটক করা হয় দুজনকে।

হরতালে শহরের অধিকাংশ দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে। মহাজনপট্টি এলাকার জেলা বিএনপি কার্যালয় এবং বাংলা স্কুল মোড়ের জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফরিদপুর:বিএনপি নেতাদের আটকের প্রতিবাদে ফরিদপুরের কানাইপুরে লাঠি মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

সকাল সাড়ে ১০টার দিকে মিছিলের সময় ঢাকা-খুলনা মহাসড়কে ৭/৮টি গাড়িও ভাংচুর করে বিক্ষুব্ধ কর্মীরা। তবে পুলিশ গেলে তারা সটকে পড়ে।