২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানার রায়ে সুবিধা পাবেন হাসিনা: ইকোনমিস্ট

পিলখানা হত্যা মামলার সাম্প্রতিক রায় নির্বাচন সামনে রেখে সেনাবাহিনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে দৃঢ় করবে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 01:00 AM

Updated : 23 Aug 2022, 07:15 PM

‘মিউটিনি অ্যান্ড রিভেঞ্জ: অ্যা মাস কনভিকশন অব মিউটিনিয়ারস কামস  অ্যাট অ্যা পলিটিক্যালি ডেলিকেট মোমেন্ট’ শিরোনামে ওই প্রতিবেদনে পিলখানায় বিডিআর বিদ্রোহের ভয়াবহতা, সেই সময় সামরিক অভিযানে সরকারের আপত্তি, কারাবন্দি অবস্থায় বিদ্রোহীদের মৃত্যুর অভিযোগ এবং ১৫২ জনের ফাঁসির রায়ের প্রসঙ্গ এসেছে।            

শনিবার প্রকাশের অপেক্ষায় থাকা এই প্রতিবেদনে ইকোনমিস্ট লিখেছে, আগামী  জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে মৃত্যুদণ্ডের রায় হয়তো কার্যকর  হবে না, কেননা আপিল নিষ্পত্তিতেই কয়েক মাস লেগে যাবে।

“কিন্তু এই রায়  শেখ হাসিনাকে অতিপ্রয়োজনীয়  শক্তি জোগাতে পারে। কারণ বিদ্রোহীদের এই দণ্ড সেনাবাহিনীতে তার অবস্থানকে শক্তিশালী করবে।”

সাম্প্রতিক এক মতামত জরিপের বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি এখন শেখ হাসিনার আওয়ামী লীগের চেয়ে ‘অনেক বেশি’ জনপ্রিয়। নির্বাচনে কারচুপি রোধে জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগাম নির্বাচন চায় বলেও জরিপে উঠে এসেছে। শেখ হাসিনা তত্ত্বাবধায়কের সম্ভাবনা নাকচ করেছেন; হয়তো তিনি ভাবছেন, এতে বিএনপি নির্বাচন বয়কটের ঘোষণা দেবে।

“যদি সত্যিই নির্বাচন বয়কটের মতো কিছু ঘটে, তাহলে নির্বাচন পিছিয়ে যেতে পারে এবং আগামী কয়েক মাসে রাজপথে চলতে পারে সহিংসতা।

“আর তা হলে সেনাবাহিনীর সামনে নীতিনির্ধারনী রাজনৈতিক ভূমিকা রাখার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যারা নির্বাচনের সময় ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকে। তাদের সাথে দূরত্ব রাখলে শেখ হাসিনার কোনো লাভ নেই।”      

চার বছর আগে পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা ও লুটপাটের মামলার রায়ে গত মঙ্গলবার ১৫২ জনকে ফাঁসির আদেশ দেয় আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় ১৬১ জনকে।

ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য গঠিত সরকারের জন্য ওই বিদ্রোহ ছিল ‘নিষ্ঠুর’ এক আগাম পরীক্ষা।  

“সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা আধা সামরিক বাহিনীর বিদ্রোহী সদস্যরা সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়, যাতে  নিহত হন ৭৪ জন। তাদের দেহ নর্দমায় ফেলে দেয়া হয়, মাটিতে পুঁতে ফেলা হয় অনেকের মৃতদেহ।”

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী সে সময় পিলখানায় সেনাবাহিনী না পাঠিয়ে বিদ্রোহীদের সঙ্গে আলোচনার পথ বেছে নেয়ায় প্রায় নিশ্চিতভাবেই  আরো বড়  ধরনের হত্যাযজ্ঞ  এড়াতে সমর্থ হয়েছিলেন।

অবশ্য এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সে সময় ক্ষুব্ধ সেনা কর্মকর্তাদের রোষানলে পড়ার ঝুঁকিও নিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পিলখানা হত্যা মামলার বিচার প্রসঙ্গে ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের কোনো আদালতই আন্তর্জাতিক মান অনুসরণ করে না।  বিভিন্ন মানবাধিকার সংস্থাও এই বিচারে বড় ধরনের ত্রুটির কথা জানিয়েছে।

বিদ্রোহী জওয়ানদের মধ্যে অন্তত ৭০ জন এই বিচার চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মারা গেছেন দাবি করে ওই প্রতিবেদনে বলা হয়, তাদের হত্যা করা হয়েছে।

স্বল্প বেতনসহ বিভিন্ন কারণে অসন্তোষ থেকেই পিলখানার জওয়ানরা ওই বিদ্রোহ করেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ইকোনমিস্ট।

পুরনো খবর:

পিলখানা হত্যা: ১৫২ আসামির ফাঁসির রায়