বরিশালে ৩ জনের মৃত্যুদণ্ড
বরিশালে এক ব্যবসায়ীকে খুনের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বরিশাল দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাছিম রেজা এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি এলাকার আনোয়ার হোসেন (৩০), বশির উদ্দিন (৩২) ও ইউনুস (৩২)।
সুলতান বাদশাকে হত্যার দায়ে তাদের এই সাজা হয়েছে। এদের মধ্যে আনোয়ার ও বশির পলাতক।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াসউদ্দিন কাবুল জানান, ২০১০ সালের ২ জুন লামছড়ি থেকে নগরীর পোর্টরোড এলাকায় মুরগির খাবার কিনতে এসে নিখোঁজ হন ব্যবসায়ী সুলতান।
পরদিন ৩ জুন এ ঘটনায় থানার একটি অপহরণ মামলা করেন তার বাবা আ. মালেক মাঝী। এতে আনোয়ার, বাবু ও বশিরকে আসামি করা হয়।
পরে ৫ জুন কীর্তনখোলা নদী থেকে সুলতান বাদশার পেট কাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়।
২০১১ সালের ৩০ জুন এজাহারের উল্লেখিত আসামি ছাড়াও ইউনুস, আদম আলী মাঝি ও আলতাফ হোসেন খলিফাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
৩৫ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় দিয়েছে আদালত।
