আমরণ অনশনে অসুস্থ কুয়েটের ৭ শিক্ষার্থী
আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুরকৌশল বিভাগের সাত শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, আমরণ অনশনরতদের মধ্যে ইমরান, জুবায়ের, আকাশ, শুভ, রাহুল, রিজন এবং মানিক বুধবার রাতে অসুস্থ হয়ে পড়েছে।
এর মধ্যে জুবায়ের এবং ইমরানে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল হলে স্যালাইন দেওয়া হয়েছে। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ক্লাস নেয়ার দাবিতে বিভাগের নবম ব্যাচের ১১৯ জন শিক্ষার্থী মঙ্গলবার রাত ১০টা থেকে প্রশাসনিক ভবনের সামনে এ অনশন শুরু করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, অনশন শুরুর পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা কোনো শিক্ষক তাদের খোঁজ খবর নেননি। এমনকি দেখতেও আসেননি।
সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, “আমাদের নিজস্ব চিকিৎসকরা অনশনরত শিক্ষার্থীদের দেখছেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন।”
চলতি বছরের ৪ এপ্রিলে পুরকৌশল বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া নিয়ে কয়েকজন শিক্ষার্থী ব্লগ ও ফেইসবুকে শিক্ষকদের বিরুদ্ধে ‘কটূক্তি’ করলে শিক্ষকরা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে কর্মবিরতি শুরু করেন।
এরপর কর্তৃপক্ষ নয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে। অপর ১০ শিক্ষার্থীকে সতর্ক করা হয়।
পরে শাস্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন এবং স্থগিতাদেশ পান।
এরপর গত ৪ মে থেকে শিক্ষকরা ওই বিভাগের নবম ব্যাচের সকল শিক্ষা কার্যক্রম থেকে বিরত রয়েছেন।
