২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে হত্যা উল্লেখযোগ্য হারে কমেছে: প্রধানমন্ত্রী 

বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপের কারণে সীমান্তে হত্যার ঘটনা উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 05:45 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ সাংসদ শামসুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের সরকারের বলিষ্ঠ অবস্থানের কারণে ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোটায় নিয়ে আসার আশ্বাস পাওয়া গেছে। ইতোমধ্যে সীমান্তে হত্যার ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।”

প্রধানমন্ত্রী জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে সরকারপ্রধান আরো বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত ভারতের সঙ্গে প্রায় ৩০টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরিত হয়েছে।

গত জানুয়ারি মাসে বহিঃসমর্পণ চুক্তি স্বাক্ষরের মধ্যদিয়ে দুই দেশের মধ্যে নিরাপত্তা বিষয়ক সহযোগিতার পথ আরো প্রশস্ত হয়েছে বলেও জানান তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আশরাফুননেছা মোশারফের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার আন্তরিকভাবে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। এটি হচ্ছে মহাজোট সরকারের রাজনৈতিক অঙ্গীকার। সরকার স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি কোন হস্তক্ষেপ করেনি। বরং সুপ্রিম কোর্টের চাহিদা মোতাবেক আর্থিক স্বাধীনতা প্রদান করেছে।” দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করছে বলেও জানান সরকার প্রধান। স্বতন্ত্র সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশের সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার প্রথম থেকেই কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন বিভাগ ও জেলা শহরে বিশেষায়িত হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতালকে ৫০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।