অধিকারের এলান কারাগারে
হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রচারের মামলায় আদালতে আত্মসমর্পণের পর অধিকারের পরিচালক নাসিরুদ্দিন এলানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক একেএম শামসুল আলম বুধবার এলানের জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন।
ডানঘেঁষা মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালককে এর পরপরই কারাগারে নিয়ে যাওয়া হয়।
আগামী ১০ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন রেখেছে আদালত।
প্রথমে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হলেও এ বিষয়ে তদন্ত শেষে গত ৪ সেপ্টেম্বর আদিল ও নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে আদালতে অভিযোগ দাখিল করে গোয়েন্দা পুলিশ। গত ১১ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
দুই আসামির মধ্যে এলান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আর হাইকোর্ট থেকে ছয় মাসের জামিনে গত ১১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান আদিল।
৫ মে রাতের ওই অভিযানে কেউ নিহত হননি বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও অধিকার এক প্রতিবেদনে বলে, ওই অভিযানে ৬১ জন নিহত হন।
