২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেলেন অধিকারের আদিল

হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রচারের অভিযোগে গ্রেপ্তার হওয়ার দুই মাস পর জামিনে মুক্তি পেয়েছেন মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্র।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 12:02 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এর ডেপুটি জেলার মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর শুক্রবার সাড়ে ১০টার দিকে আদিলকে মুক্তি দেন তারা।

বিএনপি-জামায়াত সরকার আমলের এই ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গত মঙ্গলবার ছয় মাসের জন্য জামিন দেয় বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ।

মুশফিকুর জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাঁর জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে সকালে তাকে মুক্তি দেয়া হয়।

এসময় তাঁর মা, স্ত্রী ও ভাইসহ স্বজন ও অধিকারের কর্মীরা উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রকাশের অভিযোগে গত ১০ অগাস্ট রাতে গুলশানে বাড়ি থেকে গ্রেপ্তার হন আদিল।

আদিলকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতিঝিল অভিযান নিয়ে বিকৃত তথ্য ও ছবি প্রচারের মাধ্যমে তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে অধিকারের সেক্রেটারিকে গ্রেপ্তার করা হয়েছে।

‘নারীবিরোধী’ ১৩ দফা দাবিতে গত ৫ মে মতিঝিলে অবস্থান নেয়া হেফাজতে ইসলামীর তো-কর্মীদের গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হটিয়ে দেয়া হয়।

রাতের ওই অভিযানে কেউ নিহত হননি বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও ডানঘেঁষা মানবাধিকার সংগঠন অধিকার এক প্রতিবেদনে বলে, ওই অভিযানে ৬১ জন নিহত হন।

এরপর গত ১০ অগাস্ট আদিলকে আটকের পর তাকে ৫৪ ধারায় করা একটি সাধারণ ডায়েরির আওতায় গ্রেপ্তার দেখানো হয়। এ বিষয়ে তদন্ত শেষে গত ৪ সেপ্টেম্বর আদিল ও অধিকারের পরিচালক নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে নতুন প্রণীত তথ্য প্রযুক্তি আইনে আদালতে সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করে গোয়েন্দা পুলিশ।

আদিল ও এলানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের মামলাটি চলছে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে। এ ট্রাইব্যুনালের বিচারক একেএম শামসুল আলম ১১ সেপ্টেম্বর অধিকারের দুই কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের অভিযোগ আমলে নেন।

দুই আসামির মধ্যে এলান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

পুরনো খবর:

আদিল রিমান্ডে, কার্যালয়ে তল্লাশি
আদিলের নির্দেশে তথ্যবিকৃতি: প্রেসনোট
আদিল-এলানের বিরুদ্ধে অভিযোগ দাখিল
আদিল-এলানের বিচার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে
অধিকারের আদিলের জামিন