হরতালে অগ্নিসংযোগ, ভাংচুর ও সংঘর্ষ
বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা তিনদিনের হরতালের দ্বিতীয় দিন মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাংচুর ও সংঘর্ষ হয়েছে।
নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে সোমবার থেকে বুধবার হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
বরিশাল
নগরীতে বেশ কয়েকটি অটোরিকশায় অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে পিকেটাররা।
এদিকে নবগ্রাম রোডে অটোরিকশায় অাগুন দিতে গিয়ে এক পিকেটার হাত পুড়িয়ে ফেলার খবর পাওয়া গেলেও পুলিশ নিশ্চিতম করতে পারেনি।
মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরীর নবগ্রাম রোডের পুরাতন পাসপোর্ট অফিস এলাকায় দগ্ধ সুজন হাওলাদার বাবু বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদল নেতা।
প্রত্যক্ষদর্শী ওই এলাকার ব্যবসায়ী আজাদ ব্যাপরী জানান, কয়েকজন যুবক একটি অটোরিকশায় ভাংচুর চালায়। এক পর্যায়ে তাতে পেট্রোল ঢেলে আগুন দেয়।
এ সময় সুজনের হাতে আগুন ধরে যায়। তিনি একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
সুজন হাওলাদার বাবু বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদল নেতা বলে জানান তিনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, নবগ্রাম রোড এলাকায় অটোরিকশায় অগ্নিসংযোগের খরব তিনি শুনেছেন। তবে কারো হাত পুড়েছে কি না তা তিনি জানেন না।
এদিকে, দিনের শুরুতে বেশকিছু অটেরিকশায় ভাংচুর করেছে পিকেটাররা।
সকাল ৯টার দিকে হরতালের সমর্থনে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ করে জেলা ও মহানগর বিএনপি।
মুন্সীগঞ্জ সদরে হরতাল চলাকালে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়েছে।
এ সময় পুলিশ কয়েকরাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়।
হরতাল সমর্থকদের ভাংচুর, অগ্নিসংযোগ, হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপে ঢাকা-শ্রীনগর-দোহার সড়ক রনক্ষেত্রে পরিণত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো জাকির হোসেন মজুমদার বলেন, সকালে শ্রীনগর বাজার থেকে দেড়-দুই হাজার পিকেটার মিছিল নিয়ে মহাসড়কের উঠতে চাইলে নাশকতা এড়াতে পুলিশ বাধা দেয়। এ সময় পিকেটাররা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে উত্তেজনা সৃষ্টি করে। এরপর তারা শ্রীনগর বাজারে গিয়ে ভাংচুর করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে বিএনপির একটি বিক্ষোভ মিছিল ঢাকা-মাওয়া সড়কের ছনবাড়ি চৌরাস্তায় অবরোধের চেষ্টা করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দেয়। এ সময় দপক্ষের সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় পুলিশ কয়েকরাউন্ড রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
ব্রাহ্মণবাড়িয়া
নবীনগর উপজেলায় নাশকতার অভিযোগে তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নবীনগর থানার ওসি আবু জাফর জানান, সকাল ১০টার দিকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলের সামনে থেকে এই তিন শিবিরকর্মী নাশকতার চেষ্টা করলে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নেত্রকোনা
বারহাট্টা উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হককে আটক করেছে পুলিশ ।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ জানান, সকাল সাড়ে ১১টার দিকে মনাষ বাজার থেকে নাজমুল হককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হরতালে ভাংচুরসহ থানায় একাধিক মামলা রয়েছে।
এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান ওসি।
পূর্বধলায় যুবদল নেতা আটক
পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়ন যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা বাচ্চুকে আটক করেছে পুলিশ।
নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন খান জানান, সকাল সোয়া ৬টার দিকে গোয়ালাকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি হরতালে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছিলেন বলে জানান এসপি।
গাজীপুর
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, সকাল ১০টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সোমবার রাতে বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াতের ১১ কর্মী-সমর্থককে আটক করা হয়েছে।
চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে পিকেটাররা।
এছাড়া পিকেটাররা চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক, বাগাদী চৌরাস্তা, শহরের বিআইডব্লিউটিএ মোড়, চাঁদপুর-কুমিল্লা সড়কের মঠখোলাসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও বস্তা ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, হরতালে পিকেটিংকালে পুলিশ তিন জনকে আটক করেছে। এছাড়া জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মাগুরা
দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় রাস্তায় আগুন ও ব্যাটারিচালিত ইজিবাইক ভাংচুর করেছে পিকেটাররা।
এ সময় পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
