২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা জোরদার

একাত্তরের দুই ‘বদর নেতা’ আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তজার্তিক ট্রাইব্যুনাল এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 10:37 AM

Updated : 23 Aug 2022, 07:12 PM

পুলিশ বলছে, সব ধরনের ‘অপ্রীতিকর’ পরিস্থিতি এড়াতে তারা সতর্ক।

রোববার সকালে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণা করবে।

তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেয়া আগের রায়ের দিনগুলোর মতো এদিন হাইকোর্ট এলাকার সবগুলো প্রবেশপথে পুলিশের ব্যারিকেড চোখে পড়েনি। হরতাল না থাকায় বিশৃঙ্খলা এড়াতে কেবল দোয়েল চত্বর ও হাইকোর্টের প্রবেশ পথে ব্যারিকেড দেয়া হয়েছে।

পুলিশের রমনা অঞ্চলের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন,  “আমরা প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।”

সকালে ট্রাইব্যুনালের আশেপাশের এলাকা ঘুরে দেখা যায়, জাতীয় প্রেস ক্লাব মোড়, বঙ্গবাজার ও সচিবালয় সংলগ্ন সড়কগুলোতে স্বাভাবিকভাবে যান চলাচল করছে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য যানজটও দেখা যায়।

ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে পুলিশ। হাইকোর্টে যারা প্রবেশ করছেন বা করতে চাইছেন- তাদের জিজ্ঞাবাদ ও তল্লাশি করা হচ্ছে।

কাছেই অবস্থান নিয়েছেন র‌্যাব সদস্যরা। পুলিশের সাঁজোয়া যানও মোতায়েন করা হয়েছে।

পুরনো খবর:

বুদ্ধিজীবী হত্যা: দুই ‘বদর নেতার’ রায়ের অপেক্ষা