২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের

অর্থের বিনিময়ে চট্টগ্রাম নগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে অভিযোগ তুলে আগামী ৪ নভেম্বরের মধ্যে তা বাতিলের দাবি জানিয়েছেন কমিটিতে পদবঞ্চিতরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 05:59 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

তা নাহলে চট্টগ্রাম নগরে ছাত্রলীগের পাল্টা কমিটি গঠনের হুমকি দিয়েছেন তারা।

শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘গঠনতন্ত্রবিরোধী, অগণতান্ত্রিক, চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিবাহিতদের নিয়ে গঠিত মহানগর ছাত্রলীগ কমিটি বাতিলের দাবিতে’ সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সিটি কলেজ শাখা ছাত্রলীগ সদস্য বোখারি আজম।

লিখিত বক্তব্যে বলা হয়, “কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কমিটির নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ও মহানগর ছাত্রলীগের দুই নেতা টাকার বিনিময়ে এ কমিটি করিয়েছে।”

অন্য দুই নেতার নাম জানতে চাইলে এমইএস কলেজ ছাত্রলীগ সদস্য অমিতাভ চৌধুরী বলেন, তারা হলেন নগর ছাত্রলীগের সাবেক কমিটির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন ও এমইএস কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরশাদুল আলম বাচ্চু।

অমিতাভ দাবি করেন, আরশাদুল আলম বাচ্চুর অনুসারী আট জন নতুন কমিটিতে পদ পেয়েছেন।

নতুন কমিটির সভাপতি ইমরান আহমেদ ইমুকে সভাপতি একটি বেসরকারি ব্যাংকে চাকরিরত এবং সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

আজম বলেন, “সভাপমি ইমুর পাশাপাশি রনির বিরুদ্ধেও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ আছে।”

কমিটি গঠনের আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এএইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম চট্টগ্রাম প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীনসহ মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেন।

তারপরেও যেভাবে কমিটি করা হয়েছে তাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্রলীগের মধ্যে বিভেদ সৃষ্টি হবে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে বোখারি আজম বলেন, ৪ নভেম্বরের মধ্যে টাকার বিনিময়ে করা নবগঠিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আহ্বান জানাচ্ছি।

“তা না হলে নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, মন্ত্রী আফসারুল আমীন ও সাবেক ছাত্রলীগ নেতা আজম নাছিরের নেতৃত্বে নগর ছাত্রলীগের পাল্টা কমিটি ঘোষণা করা হবে”।

প্রায় ১০ বছর পর গত ৩০ অক্টোবর নগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির ঘোষণার পর রাতেই নগরীর জিইসি মোড়, ষোলশহর দুই নম্বর গেইট ও জামালখান এলাকায় গাড়ি ভাংচুর করে বিক্ষুদ্ধরা।

এবিষয়ে সংবাদ সম্মেলনে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা তোফাজ্জেল হোসেন জিকু বলেন, দলীয় সভানেত্রী ও ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে সুযোগসন্ধানী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

“ছাত্রলীগ শুধু মিছিল করেছে, কোনো ভাংচুর করেনি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আবু মো. আরিফ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আইন কলেজ শাখার সাধারণ সম্পাদক সরওয়ার উদ্দিন, ৩৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ আহ্বায়ক সালাউদ্দিন বাবর, ৪১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কামরুল হাসান ও ৩৮ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ইমতিয়াজ হোসেন।

পুরনো খবর:

চট্টগ্রাম ছাত্রলীগের পদবঞ্চিতরা রাস্তায়