২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ছাত্রলীগের পদবঞ্চিতরা রাস্তায়

ঘোষিত কমিটি বাতিলের দাবিতে চট্টগ্রামে রাস্তা আটকে বিক্ষোভ করেছে মহানগর ছাত্রলীগের পদবঞ্চিত নেতা ও তাদের অনুসারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ঘোষিত চট্টগ্রাম নগর ছাত্রলীগের কমিটি বাতিল করে নতুন কমিটির দাবিতে বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে ছাত্রলীগ কর্মীরা নগরীর জামালখান প্রেসক্লাব চত্বরের সামনের সড়কে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে তারা রাস্তার ওপর সমাবেশ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এমইএস কলেজ, কমার্স কলেজ, সিটি কলেজ ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের পদবঞ্চিত নেতা ও তাদের অনুসারীদের এই বিক্ষোভে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এছাড়া মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটির ২৪ সদস্যের দুইজনও সমাবেশে অংশ নেন।

এমইএস কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সৌমেন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টাকা পয়সার বিনিময়ে গঠনতন্ত্র না মেনে এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জ্যেষ্ঠ নেতাদের নিচু সারির পদ দিয়ে কনিষ্ঠদের বড় পদে দেয়া হয়েছে।”

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক মিঠুন চৌধুরী জানান, ছাত্রলীগ কর্মীরা সড়ক আটকে রাখায় জামালখান সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও অভিভাবকদের পড়তে হয় ভোগান্তিতে।

প্রায় দশ বছর পর বুধবার বিকালে কেন্দ্র থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ২৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

এরপর পদবঞ্চিত নেতাদের অনুসারীরা নগরীর জিইসি মোড়, ষোলশহর দুই নম্বর গেইট ও জামাল খান এলাকায় বিক্ষোভ করে এবং যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

ভাংচুরের বিষয়ে সৌমেন বলেন, “তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এটা করে ফেলেছে। এটি দুঃখজনক।”

কমিটি ঘোষণার পর নেতাকর্মীরা নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গেও দেখা করেন।

মহিউদ্দিন তাদের অভিযোগ কেন্দ্রে জানাতে এবং সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য তুলে ধরার পরামর্শ দেন।