২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুতুবদিয়ায় সংঘর্ষের পর আরেকজনের লাশ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ায় মঙ্গলবারের সংঘর্ষে নিহতের সংখ্যা তিনজন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 06:25 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

১৮ দলের হরতালের পর জামায়াতে ইসলামীর সঙ্গে পুলিশের সংঘটিত ওই সংঘর্ষে নিহতের সংখ্যা দুজন বলে জানিয়েছিল স্থানীয় প্রশাসন।

তবে জামায়াতের পক্ষ থেকে প্রথমে নিহতের সংখ্যা পাঁচজন বলে দাবি করা হলেও বিভিন্ন নেতা বিভিন্ন তথ্য দিচ্ছেন।

সংঘর্ষের পর মধ্যরাত থেকে বিজিবি ও পুলিশ সদস্যরা ওই এলাকায় অভিযান শুরু করে। কুতুবদিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান সাংবাদিকদের বলেছেন, তিনজন নিহত হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

তাদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা প্রণব চাকমা নিহতদের পরিচয় জানিয়েছেন।

নিহতরা হলেন- লেমশীখালী এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে মোহাম্মদ আজিজ (১৭), দক্ষিণ ধুরুং মুছা সিকদার পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে মোহাম্মদ ইসমাইল (১৮) এবং উত্তর ধুরুং ফরজানীবাপের পাড়ার মৃত মোহাম্মদ ইসমাইলের ছেলে আবু বক্কর (৫৫)।

সংঘর্ষে আহত আইনশৃঙ্খলা বাহিনীর চার সদস্যকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- পুলিশ সদস্য সাজু পাল (২৩), মোহাম্মদ ইলিয়াস (২২), আনসার সদস্য নায়েব মো. আমিনুল হক (৪০) ও সিপাহী হাবিবুর রহমান (৪২)।

মঙ্গলবার সন্ধ্যায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পাঁচজন নিহত হয় দাবি করে এর প্রতিবাদে বৃহস্পতিবার কক্সবাজারে হরতাল ডেকেছে ১৮ দল।

দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ধুরুংবাজারে স্থানীয় সংসদ সদস্য জামায়াতের হামিদুর রহমান আযাদের বাড়ির সামনে ওই সংঘর্ষ বাঁধে।

স্থানীয়রা জানায়, ৬০ ঘণ্টার হরতাল শেষে মাগরিবের নামাজের পর বিএনপি-জামায়াতের সমাবেশ করছিল। ওই সময় পুলিশ গেলে তাদের ওপর বিরোধী দলের কর্মীরা হামলা চালালে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষের পর সময় পুলিশের একটি জিপ এবং দুটি মোটর সাইকেলে আগুন দেয়া হয়। এক পর্যায়ে ইউএনও ওসিসহ কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়লে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে বলে কুতুবদিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বুধবার সকালে জানিয়েছেন। ওসি নিজেও সংঘর্ষে আহত হন।

সংঘর্ষের পর জেলা ও উপজেলা প্রশাসন দৃজনের মৃত্যুর খবর জানালেও জেলা জামায়াতের নেতারা এই সংখ্যা ৫ জন বলে দাবি করেন। আবার জামায়াতের ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, তিনজন নিহত হয়েছেন।

কুতুবদিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আসম শাহারিয়ার চৌধুরী আবার চারজন নিহত হয়েছে বলে দাবি করেন। তারা দেয়া তথ্য অনুযায়ী নিহতরা হলেন- ইসমাইল পারভেজ (২২),আবু আহমদ (৫৫),আজিজুর রহমান (৩৫) ও মোহাম্মদ ইসমাইল (৩০)।

অন্যদিকে সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ ও জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান প্রথমে দাবি করেছিলেন, তাদের পাঁচ কর্মী নিহত হয়েছেন। তারা দাবি অনুযায়ী নিহতরা হলেন- আবু আহমদ (৫৫), মোহাম্মদ আজিজুর রহমান (২০), ইসমাইল পারভেজ (২৪) ও তাজুল ইসলাম (২৭)। অন্যজনের নাম জানাতে পারেননি তারা।

মধ্য রাতে শাহজাহান এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনজন নিহত হওয়ার তথ্য জানান। তবে বিজ্ঞপ্তিতে নিহতদের নাম বলা হয়নি।