ক্ষমতা টেকাতে সরকারি হাতবোমা: বিএনপি
অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকারের মদদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের নেতাদের বাসায় হাতবোমা নিক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বুধবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটেছে।
এর আগের দিন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি সাদেক হোসেন খোকা, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় হাতবোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, “আমরা মনে করি, সরকার বেআইনি ও অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। বিরোধী দলের নেতাসহ রাজনীতিবিদদের বাসায় বাসায় বোমা হামলার ঘটনা ঘটাচ্ছে।”
বিরোধী দলের নেতাদের বাসায় হাতবোমা বিস্ফোরণের নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন তিনি।
মঙ্গলবার রাতে সাড়ে ৯টার দিকে উত্তরায় মির্জা ফখরুলের বাসায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় দুর্বৃত্তরা। ওই সময় ফখরুল গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পথে ছিলেন।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকালে এই সংবাদ ব্রিফিং হয়।
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।
নির্দলীয় সরকারের দাবিতে গত রোববার থেকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৬০ ঘণ্টার হরতালে রাজধানীসহ সারা দেশে বিপুল সংখ্যক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় সরকারের মন্ত্রী, বিচারপতি, সংসদ উপনেতা, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের বাসভবনসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটনো হয়।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি নেতা রিজভী বলেন, “নিরাপত্তা বিধানের দায়িত্ব সরকারের। আজকের পত্রিকায় ছবি প্রকাশ হয়েছে, পুলিশের উপস্থিতিতে রাম দার মতো ধারালো অস্ত্র হাতে সশস্ত্ররা দাঁড়িয়ে আছে। বিরাজমান সন্ত্রাস ও বোমা হামলার ঘটনা কারা ঘটাচ্ছে- তা এই ছবিই প্রমাণ করে।”
“দেশে নৈরাজ্য ও সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করার জন্য সরকারের ছত্রছায়ায় এসব করা হচ্ছে।”
চাঁদপুরে পুলিশ সুপার পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পুলিশ সুপার বলে তিনি বিএনপিসহ ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি (পুলিশ সুপার) জোটের নেতা-কর্মীদের সঙ্গে দুর্ব্যব্যহার করছেন। চাঁদপুরকে তিনি মানুষ হত্যার কসাইখানায় পরিণত করেছেন।”
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “গত তিন দিনে সারা দেশে সরকার ১৮ জন মানুষ হত্যা করেছে। অসংখ্য বিরোধী নেতা-কর্মী আহত ও গ্রেপ্তার হয়েছে। সরকার একতরফাভাবে নির্বাচন করতে বিরোধী দলের ওপর নির্মম নির্যাতনের পথ বেছে নিয়েছে।”
“আমরা বলে দিতে চাই- এখনো সময় আছে, নির্দলীয় সরকারের দাবি মেনে নিন। নইলে পরিণতির অতল গহবরে আওয়ামী লীগ সরকার তলিয়ে যাবে।”
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে মহানগর সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, আবদুল লতিফ জনি, আবদুস সালাম আজাদ, বেলাল আহমেদ, রফিক শিকদার, আবুল হোসেন উপস্থিত ছিলেন।
