২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজেদার বাড়ির সামনে বিস্ফোরণ

বিরোধী দলের হরতালের মধ্যে অব্যাহত বোমাবাজিতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বাড়ির সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 11:50 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

বোমা ছোড়া হয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটারের রাজশাহীর বাড়িতেও।

হরতালের দ্বিতীয় দিন সোমবার রাত ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকায় সাজেদা চৌধুরীর বাড়ির সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

গুলশান থানার পরিদর্শক নূরে আযম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগ নেত্রী সাজেদা চৌধুরীর বাড়ির সামনে বিস্ফোরণের শব্দ শুনে তারা সেখানে অবস্থান নেন।”

স্থানীয়রা পুলিশকে জানায়, একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

একই সময়ে সরকারদলীয় হুইপ নূর ই আলম চৌধুরী লিটনের খিলক্ষেত নিকুঞ্জের বাড়ির সামনেও একটি হাতবোমা ফাটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর হুইপের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হরতালের আগের দিন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আইনমন্ত্রী শফিক আহমেদের বাড়ির সামনে বিস্ফোরণ ঘটে। হরতালের প্রথম দিন রোববার পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, সংসদ সদস্য এনামুল হক, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মীর্জা জলিলের বাড়ির সামনে বিস্ফোরণ ঘটে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এম বদিউজ্জামানের উত্তরার বাড়ির সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

উত্তরা পশ্চিম থানার ওসি খন্দকার রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরায় সাংবাদিক আবেদ খানের বাড়ির সামনেও বিস্ফোরণ ঘটে।

আবেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটার তুরিন আফরোজসহ সম্প্রতি রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তির বাড়ির সামনে হাতবোমা নিক্ষেপ করেছে, তারাই আমার বাড়ির সামনেও এ হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে।”

উত্তরায় তুরিন আফরোজের বাড়িতে রোববার রাতে হাতবোমা ছোড়া হয়। তার আগের দিন বোমার বিস্ফোরণ ঘটানো হয় আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহার বাড়িতে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটার গোলাম আরিফ টিপুর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, নগরীর উপশহর দুই নম্বর সেক্টরের গোলাম আরিফ টিপুর বাড়ির সামনের রাস্তা থেকে মোটরসাইকেল আরোহী দুজন হাতবোমা ছুড়ে পালিয়ে যায়।

তবে বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে অ্যাডভোকেট সোলেমান আলী মোল্লার বাসার সিঁড়ি ঘরের দ্বিতীয় তলায় বিস্ফোরিত হয়। এতে সিঁড়ি ঘরের দুটি কাজ ভেঙে যায়।

সোলেমান আলীর বাসায় লোকজন থাকলেও গোলাম আরিফ টিপুর বাসায় কেউ ছিল না।

অ্যাডভোকেট সোলেমানের ছেলে অ্যাডভোকেট মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, “অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর বাসা লক্ষ্য করেই বোমাটি ছোড়া হয়েছিল।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রাতে রাজশাহী নগরীর গোরহাঙ্গা শহীদ কামারুজ্জামান চত্বরে পুলিশকে লক্ষ্য করে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহীর সহকারী পুলিশ কমিশনার নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তার পাশে তিনটি গাড়ি রেখে পুলিশ সদস্যরা বসে ছিল। এ সময় পুলিশকে লক্ষ্য করে পর পর তিনটি হাতবোমা নিক্ষেপ করা হয়। বোমাগুলো পুলিশের পাশেই বিকট শব্দে বিস্ফোরিত হয়।”

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিঙ্গাডোবা বাইপাস সড়কে হরতাল সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।

একই সময়ে নগরীর ভদ্রা মোড়ে ইসলামী ছাত্রশিবিরকর্মীরা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে।

দেশজুড়ে বোমাবাজির জন্য ক্ষমতাসীনরা হরতাল আহ্বানকারী বিরোধী দলকে দায়ী করলেও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি,  আন্দোলন নস্যাৎ করতে ‘সরকারের এজেন্ট’রা একাজ করছে।

পুরনো খবর:

শাহবাগে বাসে আগুন
রাজধানীতে টিভির গাড়িতে বোমা নিক্ষেপ, সাংবাদিক আহত
দনিয়া আ. লীগ কার্যালয়ে আগুন, বোমাবাজি
ঈশ্বরদীতে আ. লীগ কার্যালয়ে আগুন
ট্রাইব্যুনালের প্রসিকিউটরের বাড়িতে বোমা নিক্ষেপ