রাজধানীতে টিভির গাড়িতে বোমা নিক্ষেপ, সাংবাদিক আহত
রাধানীতে হরতাল সমর্থকদের মিছিল থেকে ছোড়া হাতবোমার বিস্ফোরণে চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক রাশেদ নিজাম আহত হয়েছেন।
সোমবার দুপুর ২টা ২০মিনিটে মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।
টেলিভিশন স্টেশনের সাংবাদিক রওনক হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে মৌচাক এলাকায় চ্যানেল টোয়েন্টিফোরের একটি গাড়ি অপেক্ষা করছিল। সেখানে রাশেদ ছাড়াও ক্যামেরাপারসন মুক্তার হোসেন ও গাড়িচালক ছিলেন।
“এসময় ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল গাড়ির পাশ দিয়ে দ্রুতগতিতে চলে যাচ্ছিল। মিছিল থেকে গাড়ি লক্ষ্য করে দুটি হাতবোমা ছোড়া হলে চালকের বাঁ পাশের জানালা ভেঙে রাশেদ আহত হন।”
রাশেদের দুই হাতে স্প্লিন্টার ও কাঁচে জখম হয়েছে বলে জানান তিনি।
তবে গাড়িচালক ও মুক্তার হোসেন অক্ষত রয়েছেন।
এদিকে বিকাল পৌনে ৪টার দিকে পুরান ঢাকার নয়াবাজার মোড়ে দায়িত্বরত পুলিশের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক কামাল হোসেন তালুকদার জানান।
তবে এতে কেউ আহত হয়নি।
কামাল তালুকদার বলেন, সংবাদ সংগ্রহের জন্য তিনি যখন পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছিলেন তখন হঠাৎ বিস্ফোরণটি ঘটে।
রাস্তার অন্যপাশ থেকে হাতবোমাটি ছোড়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কে বা কারা এটি ছুড়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি পুলিশ।
