২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে আ. লীগ কার্যালয়ে আগুন

হরতালের দ্বিতীয় দিনে পাবনার ঈশ্বরদী উপজেলায় আওয়ামী লীগের একটি ইউনিয়ন কার্যালয় পুড়িয়ে দিয়েছে  ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 12:13 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

সোমবার সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়া হয়। এদিকে বেড়া উপজেলায় হরতালকারীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সকালে হরতালের সমর্থনে দাশুড়িয়া বাজারে একটি মিছিল বের করে। ওই মিছিল থেকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।

পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। 

এদিকে পাবনার বেড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি)  আবু বকর সিদ্দিক  জানান, হরতাল সমর্থকরা বেলা ১১টার দিকে বেড়া উপজেলার কৈটলা বাজারে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

পুলিশ ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ১৫ জন  আহত হয় বলে জানান এএসপি আবু বকর সিদ্দিক।