দণ্ডিত যুদ্ধাপরাধীরা নির্বাচনে অযোগ্য
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ সংসদে পাস হয়েছে।
সোমবার স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে আইনমন্ত্রী শফিক আহমেদ গণপ্রতিনিধিত্ব আদেশ (অধ্যাদেশ) (সংশোধন) আইন ২০১৩ বিল উত্থাপনের পর তা কণ্ঠভোটে পাস হয়।
এই বিল পাসের ফলে একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে এখন পর্যন্ত আটজনের সাজা হয়েছে, যাদের পাঁচজনই জামায়াতে ইসলামীর নেতা।
তারা হলেন- সাবেক আমির গোলাম আযম, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান।
বিএনপি নেতাদের মধ্যে যুদ্ধাপরাধী হিসেবে দণ্ডিত হয়েছেন- দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও সাবেক নেতা আব্দুল আলীম।
তাদের মধ্যে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে পরপর দুবার পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
একই দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম থেকে মোট ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
আর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আলীম ১৯৭৯, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। জিয়াউর রহমানের সরকারে প্রথমে বস্ত্রমন্ত্রী এবং পরে যোগাযোগমন্ত্রী ছিলেন আলীম।
বাকিরা কেউ কেউ নির্বাচন করলেও জয়ী হতে পারেননি। তবে তাদের মধ্যে ফাঁসির দণ্ড পাওয়া আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ১৯৯৬ সালে ফরিদপুর আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। তিনি গত বিএনপি জামায়াত জোট সরকারের মন্ত্রী ছিলেন।
এছাড়া প্রথম কোনো রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আবুল কালাম আযাদ জামায়াতের সাবেক রুকন।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে কেউ সাজাপ্রাপ্ত হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন।
আর সংশোধিত আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্তদেরও এর আওতায় আনা হয়েছে।
এর আগে বাহাত্তরের দালাল আইন ও আন্তর্জাতিক অপরাধ আইনে সাজাপ্রাপ্তদের ভোটার হওয়ার পথ বন্ধ করতে গত ২ সেপ্টেম্বর ভোটার তালিকা আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।
আরপিও সংশোধন করে জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানত ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
পাশাপাশি প্রার্থীদের নির্বাচনী ব্যয়সীমাও বাড়ানোর কথা বলা হয়েছে সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে। আগামী নির্বাচনে একজন প্রার্থী ২৫ লাখ টাকা খরচ করতে পারবেন, আগে যা ১৫ লাখ টাকা ছিল। তবে দলীয় প্রধানদের নির্বাচনী ভ্রমণ এই ব্যয়ের অন্তর্ভুক্ত হবে না।
রাজনৈতিক দলে ব্যক্তির অনুদান সীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। আর সংস্থার অনুদানের ক্ষেত্রে সীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িযে ৫০ লাখ টাকা করা হয়েছে।
