২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

অভ্যন্তরীণ বিরোধের জেরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক যুবদল নেতা নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

সোমবার সকালে প্রথমে সংঘর্ষ হয়। এর জেরে দুপুরে হামলায় উপজেলার গোড়াই ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল আলিম (৩৮) নিহত হন।

মির্জাপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, সকাল ১১টার দিকে গোড়াই শিল্পাঞ্চল এলাকায় বিএনপির কেন্দ্রীয় সদস্য ও উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর অনুসারীরা হরতালের সমর্থনে মিছিল বের করে।

এ সময় বিএনপির অপর গ্রুপ ফিরোজ হায়দার খানের অনুসারীরা একই স্থানে আরেকটি মিছিল নিয়ে আসে।

এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়।

পরে পুলিশ গিয়ে পরস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরো বলেন, বেলা ১টার দিকে ফিরোজ গ্রুপের কর্মী আব্দুল আলিম নিজ বাড়ি সোহাগপাড়ার লালবাড়ি যাচ্ছিলেন। সোহাগপাড়া বাজার এলাকায় পৌঁছলে প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পর পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।