২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালকারীদের ধাওয়ায় ট্রাক উল্টে চালক নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় হরতালের মধ্যে পিকেটারের ধাওয়ায় ট্রাক উল্টে এক চালক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 12:03 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

রোববার গভীর রাতে সাতকানিয়া উপজেলার কেরানীহাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

এদিকে সোমবার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি গাড়িতে আগুন দিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে হরতাল সমর্থকরা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. নাজমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে রোববার রাত ২টার দিকে হাসমতের দোকান এলাকায় একটি ট্রাক হরতাল সমর্থকদের হামলার মুখে পড়ে। 

পিকেটাররা ট্রাকটিকে ধাওয়া করে ঢিল ছুড়তে থাকলে ট্রাকের সামনের কাচ ভেঙে চালকের মাথায় আঘাত লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই চালক মারা যান।

সাতকানিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. রমিজ উদ্দিন জানান, নিহত মো. ওয়াসিম (৩৫) চাঁদপুরের হরিশগঞ্জ উপজেলার বাসিন্দা।

এদিকে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বাইপাস এলাকায় সোমবার ভোরের দিকে একটি বাস ও একটি কভার্ড ভ্যানে আগুন দেয় হরতাল সমর্থকরা। সকাল সাড়ে ৯টার দিকে একই এলাকায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে থাকা সীতাকুণ্ড থানার এসআই নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের

দক্ষিণ বাইপাস এলাকায় মিছিল বের করে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়ে।

এ সময় হরতালকারীরা পুলিশের দিকে গুলি ছোড়ে বলেও জানান তিনি।

এসআই নজরুল বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়।”

সকালে উপজেলার ভাটিয়ারিতেও আওয়ামী লীগ ও হরতাল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকরা জানান।

এক পর্যায়ে হরতাল সমর্থকরা আওয়ামী লীগ সমর্থিত তিন ব্যক্তির দোকানে আগুন দেয়।

বন্দরনগরীর বাইরে এসব ঘটনা বাদ দিলে বিরোধী দলের ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রাম শহরের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। 

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মীর্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে হরতাল সমর্থকরা মিছিল থেকে রাস্তার পাশে দাঁড়ানো একটি বাসে ঢিল ছুড়ে কাচ ভাংচুর করে। এছাড়া নগরীর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক।”

আগের দিনের মতো সোমবারও নগর বিএনপি কার্যালয়ের সামনে মিছিল সমাবেশ করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।