শ্রীপুরে আ.লীগ অফিসে আগুন: আসামি অর্ধশত ছাত্রদলকর্মী
হরতালের মধ্যে গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়ার ঘটনায় ছাত্রদলের স্থানীয় ৫০ জন নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা হয়েছে।
শ্রীপুর থানার ওসি আমির হোসেন জানান, বরমী ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন অর রশীদ বাদল রোববার রাতে এ মামলা দায়ের করেন।
আসামিদের মধ্যে বরমী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রতন ফকির, সাধারণ সম্পাদক মজনু মিয়া ও সদস্য কাজল, গোলজার হোসেনসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিদের অজ্ঞাত পরিচয় ছাত্রদলকর্মী হিসাবে এজাহারে উল্লেখ করা হয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, সোমবার সকাল পর্যন্ত আসামিদের কাউকে গ্রেপ্তার করা যায়নি।
নির্বাচনকালীণ ‘নির্দলীয় সরকারের’ দাবিতে সারা দেশে বিরোধী দলের ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিনে রোববার ভোরের দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দেয়া হয়।
