ফেনীতে সংঘর্ষে ৬ শিবির কর্মী আহত
বিরোধী দলের টানা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সকালে ফেনীতে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছয় জন আহত হয়েছে।
ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামছুল আলম সরকার জানান, সোমবার ভোরে শহরের শিশু নিকেতনের সামনে শিবির কর্মীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ধাওয়া দেয়।
“এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। জবাবে শটগানের গুলি ও কাঁদুনে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।”
সংঘর্ষে শিবিরের ছয় কর্মী আহত হয় বলে জানান তিনি।
এছাড়া হরতালের সমর্থনে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, পাঠান বাড়ি সড়কসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে শিবির কর্মীরা।
এর আগে ভোররাতে শহরের বিভিন্ন স্থান থেকে শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে বলে এএসপি সামছুল আলম জানিয়েছেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে র্যাব-পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।
