বাঁশখালীতে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
চট্টগ্রামের বাঁশখালীতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার টাইম বাজারে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়ে।
বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে দক্ষিণ জলদি ও শীলকূপ ইউনিয়নের মাইজ পাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালামসহ পাঁচজন পুলিশ আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি কামরুল।
বাঁশখালীর স্থানীয় সাংবাদিক জোবায়ের চৌধুরী জানান, শনিবার স্থানীয় এক যুবক বাঁশখালী ইকোপার্ক থেকে ফেরার পথে দক্ষিণ জলদির মনছুরিয়া বাজারে মোরশেদ নামে এক সিএনজি অটোরিকশা চালকের সঙ্গে ভাড়া নিয়ে ঝগড়া হয়।
পরে রোববার সকালে মনছুরিয়া বাজারের কয়েকজন লোক শীলকূপ টাইম বাজারে বাজার করতে গেলে মাইজ পাড়ার লোকজন তাদের মারধর করে, যা পবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।
