২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়ল আসবাবের মার্কেট

চট্টগ্রামের আসকার দীঘির উত্তর পাড়ে আসবাবপত্রের মার্কেটে ভয়াবহ আগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 08:20 AM

Updated : 23 Aug 2022, 07:10 PM

আগুনে ওই মার্কেটে আসবাবপত্রের ১২টি দোকান, একটি স্টেশনারি দোকান এবং মার্কেটের পেছনের ২৬টি বস্তিঘর পুড়ে গেছে বলে অগ্নিনির্বাপক কর্মীরা জানান।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম ফায়ার ব্রিগেডের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া জানান, রোববার ভোর সাড়ে ৫ থেকে পৌনে ৬টার মধ্যে আগুনের সূত্রপাত হয়। পরে আসবাবের দোকান থেকে আগুন পেছনের ‘বাচুনির কলোনিতে’ ছড়িয়ে পড়ে।

ফায়ার বিগ্রেডের আটটি ইউনিটের ১৬টি গাড়ি প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে  আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

আগুনে হতাহতের কোনো ঘটনা না ঘটেলেও ধোঁয়ার কারণে বেশ কয়েকজন অগ্নি নির্বাপককর্মী অসুস্থ  হয়ে পড়েন বলে জসীম উদ্দিন জানান।   

তিনি বলেন, দীঘির পাড়ে খুঁটি বসিয়ে কাঠ ও টিন দিয়ে নিচ থেকে তিন থেকে চারতলা দোকান ও শোরুমগুলো তৈরি করা হয়েছিল।

প্রতিটি দোকানেই বার্নিশ, রং, স্পিরিটসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় কাঠের কাঠামোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে জানান তিনি। 

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মার্কেটের পেছনে দীঘি থাকলেও সেখান যাতায়াতের কোনো রাস্তা রাখা হয়নি।

ফলে সেখানে থেকে পানি তুলে আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়তে হয়। এছাড়া পানিতে পলিথিন থাকায় পাম্পের সাহায্যে পানি তুলতেও সমস্যা হয়েছে।

নিউ আয়েশা ও দি মদিনা নামে দুটি দোকানের মালিক মো. নাছের ও আবদুল করিম নামে দুই দোকান মালিক জানিয়েছেন, মার্কেটের প্রতিটি দোকানেই কোটি টাকার ওপরে মালামাল ছিল।

তবে জসীম উদ্দিনের দাবি, তারা ২০ কোটি টাকার বেশি দামের আসবাবপত্র উদ্ধার করেছেন।

এদিকে মার্কেটের পেছনে পুড়ে যাওয়া বাচুনির কলোনির বাসিন্দারা জানান, ওই বস্তির ২৬টি ঘরে প্রায় ৪০টি পরিবারের বসবাস। তাদের সবকিছুই পুড়ে গেছে।