২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর পক্ষে ছেলের সাক্ষ্য

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পক্ষে সাক্ষ্য দিয়েছেন তার ছেলে মো. নাজিবুর রহমান ওরফে নাজিব মোমেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 01:11 AM

Updated : 23 Aug 2022, 07:09 PM

বৃহস্পতিবার বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নিজামীর পক্ষে চতুর্থ ও শেষ সাফাই সাক্ষী হিসেবে স্বাক্ষ্য দেন তিনি।

নাজিবুর রহমান বলেন, “আমার গত সাড়ে তিন বছরের অনুসন্ধানের ভিত্তিতে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, মাওলানা মতিউর নিজামী সাহেবের বিরুদ্ধে আনীত যুদ্ধাপরাধের অভিযোগসমূহ সর্বৈব মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

সাক্ষ্য দেয়ার সময় তিনি তার বাবার পক্ষে বিভিন্ন নথি ও বইপত্র ট্রাইব্যুনালে দাখিল করেন। পরে সাক্ষ্যগ্রহণ অসমাপ্ত রেখেই রোববার পর্যরন্ত ট্রাইব্যুনাল মুলতবি করা হয়।

এর আগে নিজামীর পক্ষে সাক্ষ্য দেন আরো তিনজন। এরা হলেন মুক্তিযোদ্ধা কেএম হামিদুর রহমান, মো. শামসুল আলম ও আব্দুস সালাম মুকুল।

গত ৬ অক্টোবর নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় চারজন সাফাই সাক্ষী হাজির করার অনুমতি দিয়ে আদেশ দেয়া ট্রাইব্যুনাল।

গত ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান। এরপর তাকে জেরা করেন নিজামীর আইনজীবী মিজানুল ইসলাম।

গত বছরের ২৬ অগাস্ট থেকে এবছরের ৮ অক্টোবর পর্যন্ত মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাসহ ২৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ১৬টি অভিযোগ এনে গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যাসহ মোট ১৬টি ঘটনায় এ অভিযোগ আনা হয়।

এর আগে একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট এক আবেদনের প্রেক্ষিতে তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।