পাবনার সন্ত্রাসী রাজ্জাকের যাবজ্জীবন
অস্ত্র মামলায় পাবনা জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আব্দুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকেলে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এই রায় দেন বলে জানান এপিপি আখতারুজ্জামান মুক্তা।
তিনি জানান, পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের নুর আলী মৃধার ছেলে রাজ্জাকের বিরুদ্ধে এছাড়াও থানায় ৩টি হত্যা মামলাসহ চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড, লুণ্ঠনসহ নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। সে জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
মামলার বিবরণ উদ্ধৃত করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৯ সালের ৬ অক্টোবর রাত সোয়া একটার দিকে র্যাব তাকে আতাইকুলা থানার নুরদহ গ্রাম থেকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে একটি শার্টানগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-১২-র ডিএডি মোহাম্মদ বখতিয়ার অস্ত্র আইনে একটি মামলা করেন।
আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দেন সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদকে। তিনি ২০০৯ সালের ২৬ অক্টোবর রাজ্জাককে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আখতারুজ্জামান মুক্তা ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন তায়জুল ইসলাম।
