নিষেধাজ্ঞা বরিশালেও
রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনার মতো বরিশাল মহানগরেও সভা সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
বরিশাল মহানগরীর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বৃহস্পতিবার রাত ১২ টা থেকে ২৪ ঘণ্টার জন্য নগরীতে জারি হয়েছে নিষেধাজ্ঞা।
বরিশালের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে শুক্রবার সকাল ১০টায় জনসভা করার অনুমতি চেয়ে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি বুধবার লিখিত আবেদন করে।
এর প্রেক্ষিতে নাশকতার আশঙ্কায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেন কমিশনার শামসুদ্দিন।
তিনি সাংবাদিকদের বলেন, “নগরীর শান্তি বজায় রাখতে কোনো দলকেই জনসভা করতে দেয়া হবে না।”
মহানগর বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার বলেন, “যতই বাধাই আসুক না কেন ২৫ অক্টোবরের জনসভা সফল করা হবে।”
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম বলেন, শুক্রবার সকাল ১০টায় টাউন হল চত্বরের জনসভা আওয়ামী লীগের পূর্ব ঘোষিত।
