২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী-শিশু নির্যাতন রোধে ১২ বছরের পরিকল্পনা

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১২ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ঘোষণা করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 06:19 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, “নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি- বেসরকারি পর্যায়ে চলমান ও ভবিষ্যত কার্যক্রমের সমন্বয় এবং নির্যাতনমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।”

এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য ২০১২-১৩ সালকে ভিত্তি বছর ধরা হয়েছে। পরবর্তী বছরগুলোতে নারী ও শিশুর প্রতি সহিংসতার ধরণ ও মাত্রা বিবেচনায় গৃহীত কার্যক্রমের প্রভাব পর্যালোচনা করা হবে।

কর্মপরিকল্পনায় মোট সাতটি অধ্যায় রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রথম অধ্যায়ে নারী ও শিশুর প্রতি সহিংসতার বর্তমান প্রেক্ষিত, দ্বিতীয় অধ্যায়ে আইনি ব্যবস্থা ও আইনগত সহায়তা, তৃতীয় অধ্যায়ে সামাজিক সচেতনতা এবং দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন, চতুর্থ অধ্যায়ে নারী ও শিশুর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, পঞ্চম অধ্যায়ে সহিংসতার শিকার নারী ও শিশুর জন্য সুরক্ষা সেবা, ষষ্ঠ অধ্যায়ে প্রতিকার ও পুনর্বাসন, এবং শেষ অধ্যায়ে কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও কৌশলের কথা বলা হয়েছে।

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরে একটি বিশেষ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। ন্যাশনাল সেন্টার অন জেন্ডার বেইজড ভায়োলেন্স নামের এই কেন্দ্রটি বুধবার উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী চুমকি বলেন, কর্মপরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা রাখবে এই সেন্টার।

মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।