পরাগ অপরহরণ মামলার বিচার শুরু
১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে একবছর আগের পরাগ অপরহরণ মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী সাদিকুল ইসলাম তালুকদার বুধবার এই আদেশ দেন।
এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ নভেম্বর দিন রেখেছেন তিনি।
গত বছরের ১১ নভেম্বর সকারে স্কুলে যাওয়ার পথে কেরানীগঞ্জের সুভাঢ্যা পশ্চিমপাড়ার বাসার সামনে থেকে অপহৃত হয় সদরঘাটের হিড ইন্টারন্যাশনাল স্কুলে কেজি ওয়ানের ছাত্র পরাগ মণ্ডল (৬)। গাড়িতে ওঠার সময় মা লিপি মণ্ডল, বোন পিনাকী মণ্ডল ও গাড়িচালক নজরুলকে গুলি করে পরাগকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
এর ৪৮ ঘণ্টা পর কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় পরাগকে। পরাগের বাবা বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা করেন।
গত ২৩ মার্চ মামলার এজাহারভুক্ত আসামি শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জুয়েল মোল্লাসহ তিন জনকে বাদ দিয়ে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।
যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তারা হলেন- মুক্তার হোসেন আমির, আলামিন, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী রিফাত, কালাচান, মামুন মিয়া, বিউটি আক্তার, শাকিল , আকাশ, ওয়াসিম, আবুল কাশেম। এদের মধ্যে মামুন মিয়া ও আবুল কাশেম জামিনে এবং সুলতান পলাতক রয়েছেন।
আসামির পক্ষে অব্যাহতির আবেদন করা হলেও শুনানি শেষে তা নাকচ করেন বিচারক।
কাঠগড়ায় দাঁড়িয়ে অভিযুক্তরা সবাই নিজেদের নিদোর্ষ দাবি করে ন্যায় বিচার চান।
মামলার অভিযোগপত্রে বলা হয়, মুক্তিপণে টাকা আদায়ের লক্ষ্যে আসামিরা পরাগকে মায়ের কোল থেকে অপহরণ করে। এর মূল পরিকল্পনাকারী হলেন মুক্তার হোসেন আমির।
এ মামলায় আমিরসহ ৫ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার অভিযোগপত্রে ৪৮ জনকে সাক্ষী করা হয়েছে
