পরাগ অপহরণ: অভিযোগপত্র আমলে নিল আদালত
আওয়ামী লীগ নেতা জুয়েল মোল্লাসহ তিন আসামিকে অব্যাহতি দিয়ে ঢাকার কেরাণীগঞ্জের স্কুলছাত্র পরাগ অপহরণ মামলায় দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।
রোববার ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদিকুল ইসলাম অপহরণ মামলাটি বিচারের জন্য আমলে নেন।
পাশাপাশি আগামী ১১ এপ্রিল এ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।
সংশ্লিষ্ট আদালতের পেশকার ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
মামলার বাদী ওই তিন জনকে অন্তর্ভুক্তির জন্য আবেদন না জানালেও তাদের অন্তর্ভুক্ত করার আবেদন করেন বিশেষ পিপি মো. আব্দুল বারী। বিচারক আবেদনটির ওপর শুনানি করে তা নাকচ করে দেন।
গত ২৩ মার্চে মামলার অন্যতম আসামি শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জুয়েল মোল্লাসহ (বর্তমানে কারাগারে) তিন জনকে বাদ দিয়ে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।
জুয়েল মোল্লাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। নির্দেশ অনুযায়ী গত ২২ নভেম্বর শুভাঢ্যা পূর্বপাড়া থেকে জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার প্রধান আসামি হিসেবে মুক্তার হোসেন আমিরসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে।
অন্য অভিযুক্তদের মধ্যে কারাগারে রায়েছেন আলামিন, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী রিফাত, কালাচান, মামুন মিয়া, বিউটি আক্তার, শাকিল ও আবুল কাশেম। এছাড়া পলাতক রয়েছেন আকাশ, সুলতান ও ওয়াসিম।
অভিযোগপত্রে বলা হয়, মুক্তিপণ আদায়ের জন্য অভিযুক্তরা গত বছরের ১১ নভেম্বর ৬ বছরের শিশু পরাগ মণ্ডলকে তার মায়ের কোল থেকে অপহরণ করে।এর মূল পরিকল্পনাকারী ছিল মুক্তার হোসেন আমির।
ওইদিন সকাল সোয়া ৭টায় স্কুলে যাওয়ার জন্য কেরাণীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ার বাসার সামনে থেকে নিজেদের প্রাইভেটকারে ওঠার সময় মা লিপি মণ্ডল, বোন পিনাকী মণ্ডল এবং তাদের গাড়িচালক নজরুলকে গুলি করে পরাগকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরাগ সদরঘাটের হিড ইন্টারন্যাশনাল স্কুলের কেজি ওয়ানের ছাত্র।
অপহরণের ৪৮ ঘণ্টা পর কেরাণীগঞ্জের আঁটিবাজার এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
অভিযোগপত্রে ৪৮ জনকে সাক্ষী করা হয়েছে। আলামত দেখানো হয়েছে ১৭টি। এগুলোর মধ্যে রয়েছে মোটরসাইকেল, পিস্তল ও পিস্তলের গুলি।
