গাজীপুরে ব্যাগের ভেতর তরুণীর লাশ
গাজীপুরের কালিয়াকৈরের গোয়ালবাথানে মঙ্গলবার একটি ব্যাগে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২২) লাশ পাওয়া গেছে।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাস্তার পাশে মেরুন রংয়ের ব্যাগটি পড়ে থাকতে দেখে কৌতূহল হলে সেটির কিছু অংশ খুলে লাশ দেখতে পায় এলাকাবাসী।
পরে কালিয়াকৈর থানা পুলিশে খবর দেয়া হয়।
রাত পৌনে ৮টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের গলায় ওড়না পেঁচানো ও শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে লাল সুতি পায়জমা ও লাল প্রিন্টের কামিজ ছিল।
তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
