খেয়া ভাড়া নিয়ে বিবাদ, হামলায় আহত ৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় খেয়া নৌকার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে হামলায় চারজন আহত হয়েছেন।
শনিবার টোক বাজারে এ হামলায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাপাসিয়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, শুক্রবার বিকালে কাপাসিয়ার পুরাতন ব্রহ্মপুত্র নদের গঙ্গা বাজার খেয়া ঘাট এলাকার খেয়ানৌকায় নরসিংদীর মনোহরদী থেকে এসে কাপাসিয়া নামেন উপজেলার পাঁচুয়া এলাকার বিল্লাল হোসেন।
এ সময় নৌকার মাঝি সুমন (২২) তার কাছে খেয়া পারাপারের জন্যে এক টাকা ভাড়া চান। ভাড়া না দিয়ে সুমনকে গালিগালাজ করে এবং হুমকি দিয়ে চলে যান বিল্লাল।
ওসি বলেন, শনিবার সকাল ৭টার দিকে সুমন ও তার চাচাশ্বশুর তাইজ উদ্দিন (৫৫) টোক বাজারে গেলে বিল্লাল হোসেন সহযোগীদের নিয়ে তাদের উপর অতর্কিতে দা, বল্লম ও লাঠিসোটা দিয়ে হামলা চালান।
এ সময় সুমন ও তার শ্বশুরকে বাঁচাতে এসে মোস্তফা (৩২) ও আব্দুল হাই (৫০) আহত হন।
তাদেরকে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত সুমন আড়ালিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আহত অপর ৩ জনের বাড়ি পাঁচুয়া গ্রামে।
কাপাসিয়া থানাধীন টোক ফাঁড়ির ইনচার্জ এস আই বাবুল জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা।
এ সময় দেশি অস্ত্র নিয়ে দৌড়ে পালানোর সময় কাজল মিয়া (৪৫), তার ভাই শাহাদাত (৫০) ও রফিককে (৩৫) আটক করা হয়। তাদের কাছ থেকে বল্লম, দা, ছোরা ও রড উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার পর ঘাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. দেলোয়ার হোসেন।
