প্রতিদিন কুকুরের কামড় কুড়িগ্রামে
কুড়িগ্রাম হাসপাতালে কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা বেড়েই চলছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বলেন, জেলায় প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ জন কুকুর কামড়ানোর রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসে।
“তবে শনিবার সকাল থেকে এ সংখ্যা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগজনক।”
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন এলাকা থেকে নারী-শিশু ও বৃদ্ধসহ অন্তত ৪০ জন কুকুরের কামড়ে আহত হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানান তিনি।
শনিবার শহরের তালতলা, বানিয়া পাড়া, গড়েরপাড়, খলিলগঞ্জ এলাকা থেকে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে।
ডা. নজরুল ইসলাম আরো বলেন, হাসপাতালে জলাতঙ্ক রোগের টিকার মজুদ শেষ হয়ে গেছে। তাই খোলাবাজার থেকে উচ্চমূল্যে টিকা ক্রয় করতে হচ্ছে।
