২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকুচিতে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সেন ভাঙ্গবাড়ি ও আদাচাকী গ্রামবাসীর সংঘর্ষে দুই পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 05:10 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

সংঘর্ষের সময় ২টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ জানায়, শুক্র ও শনিবার এ সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত ২০ জনকে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে সেনভাঙ্গাবাড়ি গ্রামের প্রতিভা কোচিং সেন্টারে আদাচাকী গ্রামের পাভেলের সঙ্গে সেন ভাঙ্গাবাড়ি গ্রামের রিসানের কথা কাটাকাটি হয়। বিষয়টি মিমাংসার জন্য শালিশ বৈঠক হলেও সমাধা হয়নি। এর জেরে শুক্রবার রাতে উভয় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। শনিবার সকালে আদাচাকী গ্রামের বাসিন্দারা সংঘবদ্ধ হয়ে সেন ভাঙ্গাবাড়ি গ্রামে হামলা চালালে পুনরায় সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষ চলাকালে সেন ভাঙ্গাবাড়ি গ্রামের তোজাম আলী ও মফিজুলের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

বেলকুচি থানার ওসি আব্দুল হাই জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ রাউন্ড টিয়ারসেল ও ৭৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় র‌্যাব-পুলিশ টহল দিচ্ছে এবং আবার সংঘর্ষের আশঙ্কায় সেন ভাঙ্গাবাড়ি গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।