চট্টগ্রামে বেকারিতে চার শ্রমিক অগ্নিদগ্ধ
চট্টগ্রামে একটি বেকারি পণ্য তৈরির কারখানায় আগুনে পুড়ে আহত হয়েছেন চার শ্রমিক।
শনিবার সকালে নগরীর কালুরঘাট এলাকায় থাই ফুড লিমিটেড নামে ওই কারখানায় উচ্চ তাপের কারণে ওভেনে আগুন লেগে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
আহতরা হলেন- রাজিব দাশ (২৫), বিমল ত্রিপুরা (২৫) শাহাদাৎ হোসেন রুবেল (২৪) ও মো. মোবিন (১৮)।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই ) মো. এরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে উচ্চ তাপের কারণে ওভেনে আগুন লেগে কর্মরত শ্রমিকরা আহত হন।
বরফ কলে গ্যাসে আক্রান্ত ১৫ শ্রমিক
কর্ণফুলী থানা এলাকায় একটি বরফ কলে লাইন ফুটো হয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৫ জন শ্রমিক।
শনিবার সকালে চর পাথরঘাটা বাদামতলী এলাকায় আলী সাহেবের বরফকলে এ ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) উত্তম চন্দ্র দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে বরফ কলের একটি গ্যাস লাইনে ফুটো হয়ে যায়। গ্যাসে আক্রান্ত হয় কমপক্ষে ১৫ জন।
ওই শ্রমিকদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
চমেক পুলিশ ফাঁড়ির এসআই পংকজ বড়ুয়া জানান, আক্রান্ত শ্রমিকদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
