২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই প্রস্তাব আলোচনার সূচনা: ছহুল

প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর বিরোধী দলকেও ঐকমত্য আদায়ে ভূমিকা রাখতে হবে বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 12:53 AM

Updated : 23 Aug 2022, 07:07 PM

সর্বদলীয মন্ত্রিসভা ও নির্বাচন বিষয়ে শেখ হাসিনার প্রস্তাবকে আনুষ্ঠানিক আলোচনার সূচনা বলেও মনে করেন তিনি।

২৫ অক্টোবর থেকে দশম সংসদ নির্বাচনের ক্ষণ গণনার আগে শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নবম জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকারী ইসির সদস্য ছহুল হোসাইন বলেন, “এতদিন হাওয়ায় হাওয়ায় আলোচনার কথা এসেছে। এবার মুখের মধ্যে আলোচনার প্রস্তাব এলো। এরমধ্য দিয়ে আলোচনা শুরু হলো বলা যায়। প্রধান বিরোধী দল এখন কীভাবে প্রত্যুত্তর দেয় তাও দেখার বিষয়।”

তিনি বলেন, “যেভাবেই হোক আলোচনা শুরু করতে হবে, নির্বাচনও করতে হবে। প্রধান দুই দলকেই সমঝোতায় আসতে হবে। এখন বিরোধী দলেরও ঐক্যমত্য আদায় করে নিতে হবে।”

প্রধানমন্ত্রীর ভাষণকে এবার একটু ভিন্নমাত্রায় দেখার অবকাশ রয়েছে উল্লেখ করে ছহুল বলেন, “এটা দেখতে হবে অন্য পার্সপেকটিভে। বিরোধী দলের পছন্দ বা অপছন্দ যা হোক- একটা জবাব আসবে। এভাবেই শুরু হতে হবে।”