ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি গ্রামে বিবাদমান দুটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুইজন নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
নিহতরা হলেন- ওই গ্রামের সোবাহান মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল হোসেন (৪৫) ও মুসলিম মিয়ার ছেলে শামছুল ইসলাম।
এদের মধ্যে ইসমাইল বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেনের এবং শামছুল সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়ের সমর্থক।
সংঘর্ষে গুরুতর আহত হাবিব মিয়া ও মুনির হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সকাল ১০টার দিকে দুপক্ষের চার/পাঁচশ লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর বিকাল ৩টার দিকে দুই পক্ষ আবারো সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের টেটার আঘাতে দুইজন নিহত হন।
আতিকুর রহমান জানান, আপাতত পরিস্থিতি শান্ত। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের জাহাঙ্গীরপাড়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
সরাইল থানার উপপরিদর্শক উত্তম চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল ১০ টার দিকে দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয় পক্ষের ৮/১০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
এছাড়া শহরতলী বিহাইর গ্রামে সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত বিবাদমান দুটি পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন বলে সদর থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান জানান।
এ ঘটনাতেও অন্তত ৩০টি বাড়িঘর ভাংচুর করা হয় বলে তিনি জানান।
