২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসী দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি গ্রামের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 01:49 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

শুক্রবার ভোরে সদর উপজেলার বিহাইর গ্রামের বিবাদমান কালা গাজী ও নাগর বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধ শতাধিক টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে জানান সদর মডেল থানার এসআই আতিকুর রহমান।

সংঘর্ষে গ্রামের অন্তত ৩০টি বাড়ি-ঘর ও বাজারের দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়।

আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকদিন আগে নাগর বাড়ির জাহের মিয়ার ছেলে রাসেল মিয়া কালা গাজীর গোষ্ঠির লোকজনের হাতে মারধরের শিকার হয়। এর জের ধরে শুক্রবার ভোর ছয়টার দিকে নাগর বাড়ির লোকজন কালা গাজীর গোষ্ঠির লোকজনের উপর হামলা চালায়।

এতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষে আহত অন্তত ৩০ জনকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আতিকুর বলেন, পরে পুলিশ ঘট্নাস্থলে পৌঁছে অর্ধ শতাধিক টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সকাল ১১টায় এ প্রতিবেদন তৈরির সময়ও এলাকায় উত্তেজনা ছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।