২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম বলতে বলতে ‘হয়রান’

ঈদের দুদিন আগে রাজধানীতে কোরবানির পশু কেনা-বেচায় ক্রেতা-বিক্রেতা উভয়ের মুখে সন্তুষ্টির ছাপ দেখা গেছে।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 01:04 AM

Updated : 23 Aug 2022, 07:06 PM

পশু কিনে ক্রেতারা সন্তুষ্ট হলেও পথে পথে উৎসুক মানুষের জিজ্ঞাসায় অনেকের মুখে ফুটে উঠেছিল বিরক্তির ছাপ।

সোমবার গাবতলী থেকে গরু কিনে ধানমণ্ডিতে বাড়িতে ফেরার পথে রাকিব হোসেন আসাদ গেইটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটাই প্রশ্নের মুখোমুখি হচ্ছি, গরু কেনার পর থেকে- ‘ভাই, দাম কত’।”

“এখন পর‌্যন্ত প্রায় পাচশ’ লোককে এই উত্তর দিতে হয়েছে,” বলেন ৬৫ হাজার টাকায় কেনা এই গরুর মালিক।

“একদিকে গরু টানছি আর অন্য দিকে ভাইভা পরীক্ষার মতো প্রশ্নের উত্তর দিচ্ছি।”

মো. আলাল নামের এক প্রশ্নকর্তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাম জানতে চাওয়া তো দোষের কিছু না।”

গরুর দাম জানা থাকলে বাজার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, বলেন তিনি।

রোববার গরুর ক্রেতা কম থাকায় দামও ছিল কম, যা নিয়ে হতাশায় ছিলেন বিক্রেতারা। তবে সোমবারের বিক্রি তাদের মধ্যে আশা জাগিয়েছে।

গাবতলী পশুর হাটে চাঁপাইনবাবগঞ্জের গরু ব্যাপারী খলিল হাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ

দুপুরের পর থেকে হঠাৎ করেই বহু ক্রেতা হাটে আসতে শুরু করেন। দেখে মনটা ভালো হইয়া গেল।”

এই হাটে ১০০টি গরু এনেছেন খলিল হাজি, অধিকাংশই বিক্রি হয়ে গেছে।

গাবতলী পশুর হাটের দুই নম্বর হাসিল ঘরের কাউন্টারে বসা মো. সেলিম মিয়া বলেন, “আজ অন্যান্য দিনের চেয়ে গরু বিক্রি বেশি হয়েছে।”

আদাবর এলাকার বাসিন্দা সাইদুর রহমান খান তার নাতি গোলাম আইয়ুব অভ্রকে নিয়ে আগারগাঁয়ের পশুর হাট থেকে ৩৮ হাজার টাকা দাম দিয়ে একটি কালো রঙের গরু কেনেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার গরুর দাম সীমার মধ্যেই রয়েছে।”

আগারগাঁও হাটে যশোর থেকে আসা খামারি মো. মিজানুর রহমান বলেন, “আজ আমরা খুশি, ক্রেতারাও খুশি।”

যশোর থেকে তারা কয়েকজন খামারি ৫০টি গরু নিয়ে শনিবার এই হাটে এলেও রোববার পর্যন্ত বিক্রি ভাল ছিল না বলে জানান তিনি।

ছাগলের দাম চড়া

গরুর দাম সহনীয় পর্যায়ে হলেও ছাগলের দাম চড়া বলে জানালেন ক্রেতারা।

গাবতলী হাটে খাসি কিনতে আসা মিরপুর এলাকার বাসিন্দা বশির হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খাসির দাম বেশ চড়া বলে মনে হচ্ছে।”

দুটি খাসি না কিনে বরং তার সঙ্গে কিছু টাকা যোগ করে একটি গরু কেনার সিদ্ধান্তও নিয়ে নেন তিনি।

মানিকগঞ্জ থেকে আসা বিক্রেতা আব্দুল আজিজ বলেন, তিনি দুদিন আগে ১০০টি ছাগল নিয়ে হাটে আসেন। এগুলোর দাম ৮ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা।

“এর চেয়ে কম দামে ভালো খাসি পাওয়া যাবে না,” বলেন তিনি।

গরুর বিক্রি হাটে হলেও ছাগল হাটের বাইরে বিভিন্ন স্থানে বিক্রি হতে দেখা যায়।

মতিঝিল কলোনি বাজার এলাকায় ঈদে ছাগল বিক্রি করছিলেন মাংস ব্যবসায়ী নুরু মিয়া। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার ঈদে খাসির দাম চড়া।”

রাজধানীর বেইলি রোড এলাকায় কয়েকজন ভ্রাম্যমাণ বিক্রেতা বলেন, ভালো ছাগল কিনতে হলে ১০ হাজার টাকার কমে পাওয়া যাবে না।

পুরনো খবর:

জমছে হাট, বাড়ছে বেচাকেনা