২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমছে হাট, বাড়ছে বেচাকেনা

কোরবানীর ঈদের এক দিন আগে রাজধানীর পশুর হাটগুলো জমে উঠেছে। আগের তুলনায় বেচা-কেনা বেড়েছে বলেও বিক্রেতারা জানিয়েছেন।

কামাল তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 01:43 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

গত মঙ্গলবার থেকে রাজধানীর হাটগুলোতে পশু আনা হলেও বিক্রি তেমন হয়নি বলে জানান ব্যবসায়ীরা। এদিকে বাজার জমে ওঠায় দামও একটু বেশি পাওয়া যাচ্ছে বলে তারা জানিয়েছেন।

সোমবার আরমানিটোলা পশুর হাটে কথা হয় পাবনার ইশ্বরদীর গরু ব্যবসায়ী সাহাবুল ইসলামের সঙ্গে।

তিনি জানান, ১৬টি গরু এনেছিলেন। এর মধ্যে ১৩টিই বিক্রি হয়েছে।

“শুক্র ও শনিবারের তুলনায় রোববার রাত থেকে দামটা একটু বেশি পেয়েছি,” বলেন এই গরু ব্যবসায়ী।

সাহাবুলের মতো একই কথা বলেন আরমানিটোলা হাটের অন্য বেপারীরাও।

এদিকে গত বৃহস্পতিবার থেকে মিটফোর্ড হাসপাতালে চারদিকে যে সব গরু ছিল সেগুলো আর নেই।

সকালেই গরুগুলো বিক্রি হয়ে গেছে বলে স্থানীয় এক দোকানদার জানান।

শহীদুল আলম নামে মেহেরপুরের এক গরু ব্যবসায়ী বলেন, সকাল থেকে বাজারে অনেক ক্রেতা আসছে, যা গত কয়েক দিন দেখা যায়নি।

হাসপাতালের চারপাশে রাখা গরুগুলো বিক্রি হলেও আরমানিটোলা, নয়াবাজার, ফ্রেন্সরোড, ইংলিশ রোড ও ইসলামপুরে এখনো প্রচুর গরু রয়েছে। চলছে ক্রেতা-বিক্রেতার দরদাম।

সাদেক হোসেন খেলার মাঠে ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, পাবনার সুজানগর থেকে ৩২টি গরু নিয়ে এসেছেন। এখন ১০টি গরু আছে।

প্রতি গরুতে দুই থেকে তিন হাজার টাকা লাভ করেছেন বলে জানান তিনি।